
মো. আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :

খুলনা মহানগরীতে অবস্থিত কেএফসি, ডমিনোজ পিৎজা ও বাটার শোরুমে ভাঙচুর লুটপাটের ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনার আইন-শৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শনাক্ত করে গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতভর খুলনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব এ তথ্য জানিয়ে বলেন, গতকাল সোমবার খুলনা শহরে বাটা শোরুম এবং কেএফসি ফুড কোর্টে লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে গতকাল সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ময়লাপোতার কেডিএ অ্যাভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স পিৎজা এবং শিববাড়ীর টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শোরুমে হামলা ও লুটপাট করা হয়। এ সময় কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিকস সামগ্রী, টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। একই ভাবে শিববাড়ী মোড়ের হোটেল টাইগার গার্ডেন হোটেলে অবস্থিত বাটার শোরুম ভাঙচুর করে লক্ষ লক্ষ টাকার জুতা লুটপাট করা হয়।