
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আজ খুলনায় বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকালে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ষবরণ আনন্দ শোভা যাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। শোভা যাত্রায় খুলনার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোক সংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোত ভাবে জড়িত। বিভাগীয় কমিশনার আরও বলেন, বাঙালি আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এ বছর খুলনাবাসী স্বতঃস্ফূর্ত ভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশ গ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধারে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বর্ষবরণ শোভাযাত্রায় অংশ গ্রহণের জন্য খুলনাবাসীসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খুলনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ খুলনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।