
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

ভারতীয় ফেনসিডিলসহ আটক দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। একই সাথে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার ১৮ মে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরি। রায় ঘোষণার সময়ে ওই দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শেখ হাসান আলী এবং একই থানার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ডা: মো: নজরুল ইসলামের ছেলে মো: জাহিদুল হাসান। আদালতের সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার একটি টিম জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করার সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মোস্তফার মোড় থেকে ট্রাকে করে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই টিমটি রাস্তায় চেকপোস্ট বসায়। খুলনা যশোর সিটি বাইপাসের সামনে ওই ট্রাকটি আসা মাত্র পুলিশ তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ট্রাক চালক মো: জাহিদুজ্জামান এবং তার পাশে বসা শেখ হাসান আলী বসার সিটের নিচে প্লাস্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ওই দুজন পুলিশকে জানায়, ফেন্সিডিল গুলো ভারতের অজ্ঞাত এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করে বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহ আলমের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় ওই দিন কেএমপি এর হরিণটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, (যার মামলা নং ৬) একই বছরের ২১ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: রাসেল সারোয়ার ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।