
সাইফুর রশিদ চৌধুরী, বিশেষ প্রতিবেদক :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে চাঁদা দাবি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আদালতে একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলো বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারাশী গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, ঠিকাদারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মাসুম বিল্লাহ, হাদিউজ্জামান নিলু, মো. হানিফ শেখ, আনোয়ার দাড়িয়া ও হালিম শেখ দাবি করেন, মনিরুজ্জামান জুয়েল অতীতে বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি এলাকায় ‘জ্ঞানের আলো পাঠাগার’ নামে একটি সংগঠন পরিচালনা করেন। তাদের অভিযোগ, ওই সংগঠনের কার্যক্রম এবং বিভিন্ন বিষয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এছাড়া দেবোত্তর সম্পত্তি দখলসহ বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করা হয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।
অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের ১২ এপ্রিল সৌরভ ট্রেডার্স এবং ৮ জানুয়ারি মজুমদার কোটালীপাড়া লিমিটেডের পক্ষ থেকে কোটালীপাড়া থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়। এছাড়া ঘাঘর-কান্দার সহকারী প্রধান শিক্ষিকা তপতী বাড়ৈ তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে গত ৬ জানুয়ারি গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।
এদিকে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপজেলা চত্বরে মানববন্ধন করে মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলে ধরেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন।
এছাড়া ‘জ্ঞানের আলো পাঠাগার’-এর কার্যক্রমে সরকারি অর্থের অনিয়ম ও আত্মসাতের অভিযোগ এনে গত ৯ মার্চ এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দৈনিক আমার দেশ-এর কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েল বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হয়রানি করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।”
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো আইনি প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, “তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।”