
আরিফুল হক আরিফ, নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার থানারপাড়া এলাকায় র্যাব-৬, খুলনার সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) পরিচালিত বিশেষ অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে সারাদেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে র্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় সজিব মিয়ার নিজ বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে সেখান থেকে সজিব মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে মোট ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার সজিব মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা স্থানীয় বাজারে সরবরাহের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করছেন তদন্ত-সংশ্লিষ্টরা। তবে ইয়াবার উৎস, সরবরাহকারী, সম্ভাব্য ক্রেতা এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং জব্দকৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে মাদক কারবারের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ সজিব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।