কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি, দুই দলিল লেখক সাময়িক বহিষ্কার।

জুবায়ের হোসেন :

কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি, দুই দলিল লেখক সাময়িক বহিষ্কার।

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল কাগজপত্র ব্যবহার করে দলিল রেজিস্ট্রির অভিযোগে দুই দলিল লেখককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন এ আদেশ দেন। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত দলিল লেখকেরা হলেন—নাসির উদ্দিন শেখ (পিতা: মৃত নেহাল উদ্দিন), গ্রাম: বংকুরা এবং মিজানুর রহমান বুলবুল শরীফ (পিতা: মৃত শহীদুল শরীফ), গ্রাম: কাঠি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নাসির উদ্দিন শেখ, মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ওই দুই দলিল লেখকের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

বহিষ্কৃত দলিল লেখক মিজানুর রহমান বুলবুল শরীফ বলেন, গত ১৫ জুলাই উনশিয়া গ্রামের মৃত ফহম মিয়ার স্ত্রী আমেনা বেগম দলিল ও পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে আসেন। তিনি নিয়ম অনুযায়ী কাগজপত্র সাব-রেজিস্ট্রারের কাছে জমা দেন। পরে যাচাই-বাছাই শেষে দলিলটি রেজিস্ট্রি সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, আমেনা বেগম জাল কাগজপত্র ব্যবহার করেছিলেন। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে নোটিশের লিখিত জবাব দিয়েছেন বলেও দাবি করেন।

অপর দলিল লেখক নাসির উদ্দিন শেখ বলেন, কিছুদিন আগে একটি দলিল রেজিস্ট্রির জন্য তিনি কাগজপত্র জমা দিয়েছিলেন। পরে ওই কাগজপত্র জাল বলে অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনিও যথাসময়ে নোটিশের জবাব জমা দিয়েছেন বলে জানান।

এদিকে, অভিযুক্ত আমেনা বেগমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি ও কয়েকজন দলিল লেখক অভিযোগ করেন, কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের একটি চক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট জাল ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে দলিল তৈরি ও রেজিস্ট্রি করে আসছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চিহ্নিত করে স্থায়ী ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, “দলিল রেজিস্ট্রির সময় জাল কাগজপত্র উপস্থাপনের সত্যতা পাওয়ায় নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

তবে জাল কাগজপত্র ব্যবহার করে দলিল রেজিস্ট্রির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।