কেএমপি কমিশনারের বাংলো সংস্কার কাজ পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

কেএমপি কমিশনারের বাংলো সংস্কার কাজ পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো, আলী হোসেন ফকির খুলনার রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় নির্মাণাধীন পুলিশ কমিশনারের বাংলো সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) চার দশকের ইতিহাসে পুলিশ কমিশনারের জন্য উপযুক্ত নিজস্ব বাস ভবনের অভাব দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হয়ে আসছিল। এ প্রেক্ষাপটে জরাজীর্ণ ও অনিরাপদ পুরোনো ভবনের পরিবর্তে রূপসা এলাকায় অবস্থিত কনস্টেবল কোয়ার্টার সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে একটি নান্দনিক কমিশনার বাংলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বিষয়টি আইজিপিকে অবহিত করেন এবং চলমান কাজ সরেজমিনে পরিদর্শনের অনুরোধ জানান।
এর প্রেক্ষিতে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় আইজিপি উক্ত স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি, গুণগত মান এবং নান্দনিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে আবাসিক এলাকার পরিবেশ আরও সবুজ ও মনোরম করতে আইজিপি একটি হিমঝুরি ফুলের গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।