
ক্রাইম নিউজ ডেস্ক :

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই কর্মসূচির জন্য সরকার নতুন করে টাকা ছাপাচ্ছে না, বরং বাজেটের ভেতর থেকেই অর্থ ব্যয় করা হবে, তাই অর্থনীতিতে চাপ পড়বে না।
আজ বুধবার (১ এপ্রিল) বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এই দুটি কর্মসূচি দরিদ্র পরিবার ও কৃষকদের সরাসরি সহায়তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। এতে অর্থনীতি আরও সচল হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থ জোগান দিতে নতুন টাকা ছাপাবে না এবং কোনো ধরনের অতিরিক্ত মুদ্রা সরবরাহ করা হবে না। ফলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা নেই। বরং এই কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে, দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে এবং বাজার ব্যবস্থা শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনছে এবং প্রকৃত দরিদ্র ও কৃষকদের একটি ডাটাবেজের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।
সরকার আগামী পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, ভর্তুকি, কৃষিঋণসহ বিভিন্ন সরকারি সুবিধা সহজে পাবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের কোটি কোটি কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে এবং কৃষি খাতকে ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হবে।
ফ্যামিলি কার্ড একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা দেওয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে একটি পরিবারের সব সদস্যকে এক ডাটাবেজের আওতায় এনে সরাসরি সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে
সরকারের মতে, এতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম কমবে এবং প্রকৃত দরিদ্ররা সরাসরি সুবিধা পাবে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড ও কৃষিঋণ মওকুফসহ নতুন কর্মসূচিগুলোর জন্য সরকারকে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করতে হচ্ছে, যা বিদ্যমান বাজেট থেকেই সমন্বয় করা হবে।
অর্থনীতিবিদদের মতে, যদি এই কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে কৃষি উৎপাদন বাড়বে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং বাজারে সরবরাহ বাড়ায় মূল্যস্ফীতির চাপ কমতেও পারে।
প্রধানমন্ত্রী বলেছেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় বা মূল্যস্ফীতি বাড়ে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষক ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নত করা এবং অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য