কুয়াকাটা পল্লী বিদ্যুতের ‘ভৌতিক’ বিলের ফাঁদে গ্রাহক।

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিবেদক :

পরিশোধিত বিল ফের যুক্ত, মিটার না দেখেই রিডিং দেওয়ার অভিযোগ—সংশোধনে অফিসে দৌড়ঝাঁপ

পরিশোধিত বিল ফের যুক্ত, মিটার না দেখেই রিডিং দেওয়ার অভিযোগ—সংশোধনে অফিসে দৌড়ঝাঁপ।

পরিশোধ করা বিদ্যুৎ বিল পরের মাসে আবারও গ্রাহকের ঘাড়ে চাপানো, মিটার না দেখে অনুমাননির্ভর রিডিং তৈরি, নির্ধারিত সময়ের শেষ দিকে বিল পৌঁছানো এবং ভুল বিল সংশোধনে গ্রাহককে বারবার অফিসে ঘোরানোর অভিযোগ উঠেছে কুয়াকাটা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের বিরুদ্ধে। এতে একদিকে যেমন অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের, অন্যদিকে ভুল বিল সংশোধনের নামে সময় ও অর্থ ব্যয় করে হয়রানির শিকার হচ্ছেন তারা।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, জুলাই মাসের বিদ্যুৎ বিল যথাসময়ে পরিশোধ করার পরও আগস্ট মাসের বিলে অনেকের আগের মাসের বিলের টাকা পুনরায় যুক্ত করা হয়েছে। ফলে কোনো কোনো গ্রাহকের মাসিক বিল স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বা তার কাছাকাছি হয়েছে।

আলীপুরের ব্যবসায়ী মো. আবুল কালাম জানান, আগস্ট মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ২ হাজার ৭৮৬ টাকা। অথচ তার হিসাবে প্রকৃত বিল হওয়ার কথা প্রায় ১ হাজার ৩৬১ টাকা। একইভাবে মিজানুর রহমানের আগস্ট মাসের বিল এসেছে ১ হাজার ৬৪০ টাকা, যেখানে সংশোধিত হিসাবে বিল হওয়ার কথা ১ হাজার ২০৬ টাকা।

শুধু এই দুই গ্রাহক নন, স্থানীয়দের দাবি—এ ধরনের অতিরিক্ত বিলের শিকার হয়েছেন আরও অনেক গ্রাহক। কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের বিদ্যুৎ মিটারে সরেজমিনে না গিয়েই রিডিং দেওয়া হয়েছে। এতে প্রকৃত ব্যবহারের সঙ্গে বিলের হিসাবের বড় ধরনের অসঙ্গতি তৈরি হচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, ভুল বিল হাতে পাওয়ার পর পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও দ্রুত সমাধান মিলছে না। এক টেবিল থেকে অন্য টেবিলে পাঠানো হয় তাদের। কখনো সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর কাছে যেতে বলা হয়, আবার কখনো নতুন করে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়।

একজন ভুক্তভোগী গ্রাহক বলেন, “বিদ্যুৎ ব্যবহার যতটুকু করেছি, তার চেয়ে বেশি বিল এসেছে। ভুলটা আমাদের নয়, কিন্তু বিল ঠিক করাতে অফিসে বারবার যেতে হচ্ছে। এতে কাজ ফেলে সময় ও টাকা দুটোই নষ্ট হচ্ছে।”

গ্রাহকদের আরেক অভিযোগ, অনেক সময় নির্ধারিত সময়ের শেষ দিকে বিল তাদের হাতে পৌঁছায়। ফলে সময়মতো বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। কোনো কারণে নির্ধারিত সময় পার হলে বিলম্ব মাশুল দেওয়ার ঝুঁকিতেও পড়তে হয় গ্রাহকদের।

গ্রাহকদের প্রশ্ন—বিল তৈরির পর তা যথাসময়ে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? বিল পৌঁছাতে দেরি হলে তার দায়ও কি গ্রাহককেই বহন করতে হবে?

এদিকে নতুন বিদ্যুৎ সংযোগ এবং মিটার স্থাপন নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। অভিযোগগুলোতে কোথাও অতিরিক্ত অর্থ দাবি, কোথাও প্রক্রিয়াগত জটিলতা এবং কোথাও দীর্ঘসূত্রতার কথা উঠে এসেছে।

বিদ্যুৎ বিল একটি নিয়মিত ও সংবেদনশীল আর্থিক সেবা। সেখানে একই বিল পরিশোধের পর পুনরায় তা গ্রাহকের হিসাবে যুক্ত হওয়া, মিটার না দেখে রিডিং দেওয়ার অভিযোগ কিংবা বিল সংশোধনে গ্রাহক হয়রানির ঘটনা সত্য হলে তা শুধু কারিগরি ত্রুটি নয়—সেবাব্যবস্থা ও জবাবদিহি নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে।

স্থানীয় গ্রাহকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত গত কয়েক মাসের বিলের হিসাব যাচাই করে ভুল বিলের কারণ শনাক্ত করা, অতিরিক্ত অর্থ আদায় হয়ে থাকলে তা সমন্বয় করা এবং মিটার রিডিংয়ের ক্ষেত্রে নিয়মিত নজরদারি নিশ্চিত করা।

একই সঙ্গে নতুন সংযোগ ও মিটার স্থাপনকে ঘিরে ওঠা অভিযোগগুলোও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির  কুয়াকাটা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, পল্লী বিদ্যুতের পুরাতন সফ্‌টওয়্যার পরিবর্তন করে  নতুন সফ্‌টওয়্যার প্রণয়ন করেছে সরকার এই পরিবর্তনের ফলে ৪০ শতাংশ গ্রাহকদের বিলে সমস্য দেখা দিয়েছিল। পরবর্তীতে আমরা গ্রহদের অভিহিত করে সমাধান করে দিয়েছি।