
এস এম আজাহার হোসেন, ব্যুরো চিফ মাদারীপুর :

৫০ পিস ইয়াবা উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার ১ নম্বর শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০)। অপরজন একই এলাকার কলেজ রোডের মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।