
মোঃ সাইফুর রশীদ চৌধুরী, বিশেষ প্রতিবেদক :

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হাফিজুর রহমান পিয়াল শহরের এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে মাইনুল আহসান নোবেলের গান পরিবেশনের কথা ছিল।
কনসার্ট চলাকালে নোবেল মঞ্চে ওঠার আগে দর্শকদের একাংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে এ ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কনসার্টে অনাকাঙ্ক্ষিত স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আয়োজকের সংশ্লিষ্টতা ও দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে আটক করা হয়েছিল। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বড় আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়োজকদের আরও সতর্কতা ও যথাযথ ব্যবস্থাপনার দাবি উঠেছে।