উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত। 

মোঃ আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত। 

কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং পরিবারের কাছে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে নিজ বাসার গেটের সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে তার ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়া হোসেনের মেয়ে এবং কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

এ ঘটনায় অভিযুক্ত কিশোর ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে স্থানীয় সানআপ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এসএসসির টেস্ট পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরে জাকিয়া।

বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন দিক থেকে কালো শার্ট পরিহিত ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানোর পর কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ করে দেয় সে। তবে অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে জাকিয়ার ওপর এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের।

জাকিয়ার মা সুমি আক্তার বলেন, “ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

জাকিয়ার বাবা জাকারিয়া হোসেন অভিযোগ করে বলেন, “বখাটে ইমন বেশ কিছুদিন ধরে মেয়েকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করত। কে জানত, শেষ পর্যন্ত আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে এভাবে নৃশংস হামলা করবে। বর্তমান পরিস্থিতিতে আমরা যারা মেয়ের অভিভাবক, তাদের অনেক কিছুই মুখ বুজে সহ্য করতে হচ্ছে। আমি এ হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাকারিয়া হোসেনের সহকর্মীরা। তারা বলেন, এ ঘটনায় তারা আতঙ্কিত। একজন শিক্ষার্থীর ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, জাকিয়া সুলতানা তাদের ব্যাচের সেরা দশ শিক্ষার্থীর একজন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে সে অত্যন্ত মেধাবী। তার ব্যবহার ও আচরণে কখনো কোনো ধরনের অভদ্রতা দেখা যায়নি। অত্যন্ত ভদ্র ছাত্রী হিসেবে বিদ্যালয়ে তার পরিচিতি রয়েছে। বিষয়টি বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে চরম শঙ্কার মধ্যে ফেলেছে।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, জাকিয়া সুলতানা শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম নিয়ে জরুরি বিভাগে আসে। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা ও শল্য চিকিৎসা সম্পন্ন করেছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে মহিলা সার্জারি ওয়ার্ডের চিকিৎসক জানিয়েছেন, আপাতত রোগী ঝুঁকিমুক্ত।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সোমবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফিরে নিজ বাসার গেটের সামনে অপেক্ষা করছিল। এ সময় এক কিশোরের ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ স্থানীয় ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহভাজন হামলাকারীকেও শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।