উত্তরায় চীনা নাগরিকদের অপরাধের জাল, দুই বছরে গ্রেপ্তার ৫৩

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

উত্তরায় চীনা নাগরিকদের অপরাধের জাল, দুই বছরে গ্রেপ্তার ৫৩

বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য ও পর্যটন সহ বিভিন্ন কাজে চীনের নাগরিকদের নিয়মিত যাতায়াত রয়েছে। তবে তাদের একটি অংশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রে তথ্য পাওয়া গেছে। অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ অর্থ পাচার, মানব পাচার, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধেও কয়েকজন চীনা নাগরিকের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে কয়েকটি চক্র সক্রিয় থাকার তথ্যও মিলেছে।

 

মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে চীনের অন্তত ৫৩ নাগরিক গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে চলতি বছরেই গ্রেপ্তার হয়েছেন ২৪ জন। আরও কয়েকজন চীনা নাগরিক ২০টি মামলার আসামি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, উত্তরার বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার চীনা নাগরিক বসবাস করেন। তাদের সবাই অপরাধে জড়িত নন। তবে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি অংশের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিধি উত্তরা ছাড়িয়ে রাজধানীর বিভিন্ন এলাকা এবং দেশের অন্যত্রও বিস্তৃত হয়েছে।

২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ওয়াং বো নামে এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির বিশ্লেষণে উঠে আসে, চীন থেকে পর্যটকের ছদ্মবেশে ঢাকায় এসে দুই চীনা নাগরিক তাকে হত্যা করে দ্রুত দেশ ছেড়ে যায়।
তদন্তে ফান পেং ও লিউ ফ্যানলং নামে দুই চীনা নাগরিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে হৃদয় নামে এক বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে মামলাটিতে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চীনা নাগরিকদের একটি অংশের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে বাংলাদেশি তরুণীদের পাচারের অভিযোগও রয়েছে। চলতি বছরের ১৭ মার্চ উত্তরা তুরাগের একটি বাসায় অভিযান চালিয়ে দুই চীনা নাগরিক ও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ। সেখান থেকে ১৯ বছর বয়সী এক তরুণীকে জিম্মি অবস্থায় উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণীদের ঢাকায় এনে আটকে রাখা হতো। পরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কথিত বিয়ে দিয়ে তাদের চীনা নাগরিকদের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। বিয়ের পর চীনে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনাও তদন্তে উঠে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায়, কিছু চীনা নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীরা তরুণীদের ছবি সংগ্রহ করে বিভিন্ন ম্যারেজ মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করত। চীনে বিয়ের প্রলোভন দেখিয়ে যোগাযোগ স্থাপন করে পরে পাচারের অভিযোগও রয়েছে।

গত বছর নেত্রকোনার কেন্দুয়া থেকে বিয়ের নামে তিন কিশোরীকে পাচারের সময় এক চীনা নাগরিক ও তার বাংলাদেশি সহযোগীকে গ্রেপ্তার করা হয়। একই ভাবে বাগেরহাটের এক তরুণীকে বিয়ের প্রলোভনে চীনে নিয়ে গিয়ে যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগে দেশে ফিরিয়ে আনার ঘটনাও ঘটেছে।

সিআইডির মানব পাচার ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, চীনে নারী পাচারসংক্রান্ত কয়েকটি মামলা বর্তমানে তদন্তাধীন। কিছু ক্ষেত্রে আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পন্ন হওয়ার পর নারীদের চীনে নেওয়া হয় এবং পরে পাচার ও নির্যাতনের বিষয়টি সামনে আসে।

অনলাইন প্রতারণা ও জুয়ার আড়ালে অর্থপাচার
চীনা নাগরিকদের বিরুদ্ধে অনলাইন প্রতারণার অভিযোগও রয়েছে। সম্প্রতি উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে পাঁচ চীনা নাগরিককে গ্রেপ্তার করে ডিবি। অভিযোগ রয়েছে, বিভিন্ন অনলাইন সাইটে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর সাইট বন্ধ করে দেওয়া হতো।

চলতি বছরের ১৪ মে উত্তরা ও তুরাগে অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিকসহ নয়জনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের বিরুদ্ধে ডিজিটাল গেটওয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের পর দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে।

গত ২ আগস্ট ভাটারার একটি বাসা থেকে অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছয় হাজারের বেশি সিমকার্ড, মোবাইল ফোন ও ২০টি গেটওয়ে মেশিন উদ্ধার করা হয়। তদন্তসংশ্লিষ্টদের দাবি, চক্রটি প্রতি মাসে শত শত কোটি টাকা বিদেশে পাচার করছিল।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশের পর তারা যে উদ্দেশ্যে ও কাজের অনুমতি নিয়ে আসেন, বাস্তবে সেই কাজ করছেন কি না তা নিয়মিত তদারকি করা প্রয়োজন। যথাযথ নজরদারির ঘাটতিতে অপরাধী চক্রগুলো সুযোগ নিতে পারে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে যেন অযথা হয়রানিমূলক আচরণ না করা হয়, সে বিষয়ে মাঠপর্যায়ে নির্দেশনা রয়েছে। তবে অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দেশি-বিদেশি পরিচয় অপরাধের ক্ষেত্রে কোনো বাধা নয়। কেউ অপরাধে জড়িত হলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে স্থানীয়দের অভিযোগ, কিছু বাড়ির মালিক বেশি ভাড়া পাওয়ার আশায় বিদেশি নাগরিকদের বাসা ভাড়া দেন এবং অনেক সময় তাদের অবস্থানের তথ্য গোপন রাখা হয়। কোনো কোনো ক্ষেত্রে ভাড়ার চুক্তিও করা হয় বাংলাদেশি সহযোগীদের নামে। ফলে প্রকৃত বিদেশি ভাড়াটিয়ার তথ্য পুলিশের কাছে যথাযথ ভাবে পৌঁছায় না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, বাংলাদেশে বসবাসরত বিপুল সংখ্যক চীনা নাগরিকের সবাই অপরাধী নন। তবে অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত, তাদের কার্যক্রম তদারকি এবং বিদেশি নাগরিকদের অবস্থান ও কাজের তথ্য সঠিক ভাবে সংরক্ষণ করা গেলে এ ধরনের অপরাধ আরও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।