
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে খুলনা সার্কিট হাউজ মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে আইনশৃঙ্খলা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলোর প্রস্তুতি কার্যক্রম পর্যালোচনা করা হয়।
পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিত ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনা অনুসরণ করে প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কোরবানির সময় নগরবাসীর সুবিধার্থে নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। এসব স্থানে কোরবানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির বর্জ্য ও রক্ত ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। কেসিসির পরিচ্ছন্নতা কর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহার করে দ্রুত পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করবেন। বেলা দুইটা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঈদকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নদী পথেও টহল বৃদ্ধি করা হয়েছে। নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারই প্রথম খুলনা সার্কিট হাউজ মাঠের ঈদের জামাতে নারীদের জন্য পর্দাসহ পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহম্মেদ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
জানা গেছে, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে খুলনা টাউন জামে মসজিদে।
আবহাওয়া প্রতিকূল হলে তিনটি জামাতই খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া সাতটায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।