
মো, আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এবং টেকনাফের হোয়াইক্যং সীমান্ত সংলগ্ন এলাকায় ইয়াবা সিন্ডিকেট ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩০ ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ঘণ্টা ব্যাপী তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে।
গত ৩ জুন ২০২৬ সকালে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা বেলাশো দিয়া ও তুত্তাদ দিয়া নামক দ্বীপাঞ্চল সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবির তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা এসব দ্বীপ ও জলাভূমিতে আরএসও সদস্যরা আস্তানা গেড়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের অবৈধ কর্মকাণ্ডের কারণে স্থানীয় গবাদিপশু পালনকারী, দিন মজুর ও নিম্নআয়ের পরিবার গুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল। অনেকেই গরু-মহিষ চরানোর জন্য ওই এলাকায় যেতে সাহস পাচ্ছিলেন না। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ৩০ ব্যাটালিয়ন বিজিবির কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের ভিত্তিতে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাউডস্পিকারের মাধ্যমে আরএসও সদস্যদের এলাকা ত্যাগ করার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, নির্দেশ অমান্য করে আরএসও সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে ভারী অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ব্যাপী তীব্র গোলাগুলি চলে।
অভিযান শেষে বিজিবি ঘটনাস্থল থেকে একটি জি-৩ রাইফেল, ১০৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, দুটি মোকাবরা, ইয়াবার চারটি বান্ডিল, একাধিক মোবাইল ফোন, আরএসওর লোগোযুক্ত দুটি পোশাকসহ বিভিন্ন সন্দেহজনক সামগ্রী উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, সংঘর্ষে পাঁচজনের বেশি আরএসও সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের বিষয়ে বিজিবি আনুষ্ঠানিক ভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি। বিজিবির কোনো সদস্য হতাহত হননি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, আরএসও আরাকান আর্মি (এএ)-এর সহযোগিতায় সীমান্তবর্তী এসব অঞ্চলে আশ্রয় নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করছে। সেখান থেকে ইয়াবা রোহিঙ্গা শরণার্থী শিবির সহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং অতিরিক্ত টহল জোরদার করেছে।