আশাশুনিতে পুশকৃত ৩০০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট।

মো. আল মাসুম খান, বিভাগীয় ব্যুরো চিফ:

আশাশুনিতে পুশকৃত ৩০০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় সেনাবাহিনীর এক অভিযানে অপদ্রব্য পুশ করা ৩০০ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাড়ি ভাঙ্গা এলাকা থেকে এই মাছ জব্দ করা হয়। পরে অবৈধ জেলি পুশ করা জব্দকৃত বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আশাশুনি সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মোস্তফা গাজীর ছেলে সাঈদ হাসান, একই গ্রামের জোহর আলী গাজীর ছেলে মো. বাবু গাজী এবং দক্ষিণ শ্রীপুরের মো. আব্দুল গফুর কারিকরের ছেলে লিটন কারিকর জেলি পুশ করা ৩০০ কেজি বাগদা মাছ খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হাড়ি ভাঙ্গা মৎস্য সেটের সামনে থেকে মাছসহ তাদেরকে আটক করে। পরে মাছে পুশ করার প্রমাণ পাওয়া সেগুলো জব্দ করা হয়। রাতেই জব্দ করা পুশকৃত মাছ আশাশুনি সেনা ক্যাম্পে নিয়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।