
নিজস্ব প্রতিবেদক :

বৈশম্যবিরোদী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ৯ জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে।
রোববার ৬ই এপ্রিল এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া।
আওয়ামী লীগ সমর্থক ৮০ জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানা জায়। এদের বিপক্ষে রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। আসামিদের জামিন আবেদন নাকচ করে ৭০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অন্যতম আসামিরা হলেন- আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. সাইদুর রহমান মানিক, মো. মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, গাজী মো. শাহ আলম, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদত শাওন, মো. ফিরোজুর রহমান মন্টু, মো. আসাদুজ্জামান খান রচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম। অন্যদিকে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ৯ জন নারী আইনজীবী।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে ১১৫ জন আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল সোমবার। আজ ৮০ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।