অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম কারাগারে।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম কারাগারে।
ডা. শেখ বাহারুল আলম

অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা এক মামলায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ বাহারুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মেসার্স লুবনা জাহান কর্তৃক দায়ের করা মামলায় তদন্তকারী সংস্থা পিবিআই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি আদালতকে অবহিত করে। এর প্রেক্ষিতে মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আমলী আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নম্বর সিআর-৭১৮/২০২৫। মামলায় অভিযোগ করা হয়, আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ডা. শেখ বাহারুল আলমের বিরুদ্ধে তার পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে প্রতারণা, আর্থিক অনিয়ম এবং পারিবারিক বিরোধ সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট মহল দাবি করছে।

তবে এ বিষয়ে ডা. শেখ বাহারুল আলমের আইনজীবীর বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। আদালত সূত্র জানায়, মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।

স্থানীয় মহলে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ গুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।