
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার

খুলনা মহানগরীর সরকারি ও বেসরকারি এতিমখানায় বসবাসকারী অধিকাংশ শিশু প্রয়োজনীয় সুষম খাদ্য থেকে বঞ্চিত। ফলে তাদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিন এবং খুলনা সিটি করপোরেশন উইমেন্স কলেজের খাদ্য ও পুষ্টি বিভাগের যৌথ গবেষণায় উঠে এসেছে, খুলনার এতিমখানার ৭৬ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন সুষম খাদ্যের অভাব শিশুদের শারীরিক বৃদ্ধি, মেধা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
গবেষণায় দেখা গেছে, এতিমখানার ৮৯ দশমিক ৬ শতাংশ শিশু প্রধানত কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবারের ওপর নির্ভরশীল।
প্রয়োজনীয় আমিষ বা প্রোটিন গ্রহণ করতে পারে মাত্র ৮ শতাংশ শিশু। ফলে অধিকাংশ শিশুর শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি তৈরি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২২ দশমিক ৪ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে এবং ৫৩ দশমিক ৬ শতাংশ শিশু মাঝারি ধরনের অপুষ্টিতে ভুগছে। সব মিলিয়ে ৭৬ শতাংশ শিশু অপুষ্টির শিকার।
অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের শিশুদের মধ্যেও পুষ্টিহীনতার চিত্র উদ্বেগজনক। গবেষণায় দেখা গেছে, ১৩ দশমিক ৬ শতাংশ শিশু তীব্র এবং ৩২ শতাংশ শিশু মাঝারি অপুষ্টিতে ভুগছে। তবে ৫২ দশমিক ৮ শতাংশ শিশু স্বাভাবিক পুষ্টির অধিকারী এবং ১ দশমিক ৬ শতাংশ শিশু অতিরিক্ত ওজনের সমস্যায় আক্রান্ত।
গবেষণার জন্য খুলনার সরকারি ও বেসরকারি এতিমখানার ১২৫ জন এতিম শিশু এবং ১২৫ জন মধ্যবিত্ত পরিবারের ৬ থেকে ১৪ বছর বয়সী স্কুলগামী শিশুর সাক্ষাৎকার ও শারীরিক পরিমাপ করা হয়।
গবেষণায় আরও দেখা যায়, এতিমখানায় আশ্রয় নেওয়া শিশুদের ৫০ দশমিক ৪ শতাংশ মাত্র ৩ থেকে ৬ বছর বয়সেই সেখানে আসে। এছাড়া ৩১ শতাংশের বেশি শিশু এক কক্ষে ৭ থেকে ১০ জন এবং ২৪ শতাংশের বেশি শিশু ১৫ জন পর্যন্ত গাদাগাদি করে বসবাস করে।
স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও রয়েছে ঘাটতি। ৪০ শতাংশ শিশু অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় না। আবার ৭৯ শতাংশ শিশু অসুস্থ অবস্থায় বিশেষ খাবার বা অতিরিক্ত যত্ন থেকেও বঞ্চিত থাকে। অনেক প্রতিষ্ঠানে খেলাধুলা, বিনোদন ও মানসিক বিকাশের পর্যাপ্ত সুযোগ না থাকায় শিশুরা মানসিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গবেষকরা বলছেন, শিশুদের প্রতিদিনের খাদ্যতালিকায় শুধু ভাত নয়, ডিম, মাছ, মাংস, দুধ, ডাল, সবুজ শাকসবজি, মৌসুমি ফল এবং অন্যান্য ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে। এসব খাবার শিশুর হাড়ের গঠন, মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুস্থ শারীরিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশ নিশ্চিত করাও প্রয়োজন।
গবেষণায় মধ্যবিত্ত পরিবারের শিশুদের খাদ্যাভ্যাস নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেখা গেছে, ঘরে তৈরি পুষ্টিকর খাবারের পরিবর্তে অনেক শিশু বেকারি পণ্য, কোমল পানীয় ও অস্বাস্থ্যকর ফাস্টফুডের প্রতি বেশি ঝুঁকছে। ফলে তারাও পুষ্টিহীনতার ঝুঁকিতে পড়ছে।
সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনায় এতিম শিশুদের জন্য চারটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো সরকারি শিশু পরিবার (বালক), সরকারি শিশু পরিবার (বালিকা), সরকারি ছোটমনি নিবাস এবং সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। এসব প্রতিষ্ঠানে মোট ৫০০টি আসন রয়েছে। প্রতিটি শিশুর জন্য মাসিক ৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১ হাজার টাকা শিক্ষা খাতে ব্যয় করা হয় এবং অবশিষ্ট অর্থ দিয়ে তিন বেলার খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হয়।
এ ছাড়া সমাজ সেবা অধিদপ্তরের অধীনে খুলনায় ৭০টির বেশি বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পরিচালিত হচ্ছে।
গবেষক দলের প্রধান গণমাধ্যমকে বলেন, শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে শুধু শর্করা নির্ভর খাদ্য যথেষ্ট নয়।
খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানসিক পরিচর্যা এবং পারিবারিক স্নেহের মতো পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।
খুলনা জেলা সমাজ সেবা কার্যালয়ের অধীন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, প্রত্যেক শিশুর জন্য মাসে মোট ৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ৪ হাজার টাকা খাবারের জন্য ব্যয় করা হয়। এই বরাদ্দের মধ্যেই শিশুদের পুষ্টির চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে বর্তমান বাজার দরে এ বরাদ্দ যথেষ্ট নয়। ইতোমধ্যে বরাদ্দ বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ বাড়লে শিশুদের আরও উন্নত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।