

নিজস্ব প্রতিবেদক :
পটুয়াখালী জেলার মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণের দুদিন পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের দোলেশ্বরপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ফরহাদ (৩৪), তৌফিক রাহাত (২০), রিপন মাহমুদ নয়ন (২৭), মো. আমির হোসেন (৬৫) ও মোহাম্মদ দিদার (২৫)।
ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. মিজানুর রহমান জানান, ৩১ ডিসেম্বর রাতে সেলিম চেয়ারম্যান পটুয়াখালী থেকে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ১ জানুয়ারি সকালে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় পৌঁছালে ১৫-২০ জন ব্যক্তি বাসে উঠে তাকে জোরপূর্বক নামিয়ে একটি প্রাইভেটকারে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারীরা তার পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং পরে বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে এক লাখ টাকা আদায় করে।
ডিবি পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে সফল হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।