
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বিপুল অর্থ ব্যয়ে নতুন নালা (ড্রেন) ও কালভার্ট নির্মাণ করা হলেও খুলনা নগরবাসীর জলাবদ্ধতার চিরচেনা দুর্ভোগের কোনো অবসান হয়নি। সামান্য বৃষ্টির ছোঁয়াতেই থমকে যাচ্ছে খুলনা মহানগরীর স্বাভাবিক জনজীবন।
রাস্তাঘাট ছাপিয়ে পানি ঢুকে পড়ছে মানুষের বসতঘর ও দোকানপাটে। রাতভর দফায় দফায় বর্ষণে খুলনা নগরীর প্রধান প্রধান সড়কসহ অলিগলি যেন একেকটি নদীতে পরিণত হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই তুলনামূলক স্বল্প বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে বিগত বছর গুলোতে কোটি কোটি টাকা ব্যয় হলেও টেকসই কোনো সুফল না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।
সরেজমিনে দেখা গেছে, নতুন রাস্তার মোড় থেকে খুলনা বিশেষায়িত হাসপাতাল (আবু নাসের হাসপাতাল) মোড় এবং মুজগুন্নি সড়কের বড় অংশ পানির নিচে। এছাড়া উল্লাস পার্ক মোড়, আহসান আহমেদ রোড, রয়্যাল মোড়, খানজাহান আলী সড়ক, বাস্তুহারা, বাইতিপাড়া, চানমারী, লবণচরা, টুটপাড়া, মিস্ত্রিপাড়া ও রূপসা নতুন বাজারসহ অধিকাংশ নিম্নাঞ্চল জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে।
মুজগুন্নি আবাসিক এলাকার বাসিন্দারা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। এখানে বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশের গুরুত্বপূর্ণ কার্যালয় থাকলেও প্রধান সড়ক থেকে বাসা পর্যন্ত যেতে হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই এই দুর্ভোগের প্রধান কারণ। তাদের দাবি, বিগত সরকারের সময়ে উন্নয়নের নামে নির্মিত অনেক ড্রেনের তলদেশ (বেড লেভেল) আশপাশের বসতবাড়ি ও দোকানের মেঝের চেয়েও উঁচু করে নির্মাণ করা হয়েছে। ফলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে ড্রেনে প্রবাহিত হতে পারছে না।
উল্টো ড্রেনের নোংরা পানি উপচে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে।
এ ছাড়া রূপসার পাম্প হাউস বন্ধ থাকা এবং একাধিক স্লুইস গেট কার্যকর না থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
অন্যদিকে জোয়ারের সময় রূপসা নদীর পানি নালা দিয়ে উল্টো শহরের স্ট্যান্ড রোড, চানমারী ও কেএমপি সদর দপ্তর এলাকাসহ আশপাশের এলাকায় প্রবেশ করে প্লাবনের সৃষ্টি করছে।