
এস এম আজাহার হোসেন, ব্যুরো চিফ, মাদারীপুর :

সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মকর্তাদের অনিয়মের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। কোনো কর্মকর্তা অনিয়ম করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য পাওয়া গেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, ইতোমধ্যে মাদারীপুরে কয়েকজন সরকারি কর্মকর্তাকে অপরাধের কারণে কারাভোগ করতে হয়েছে। তাই সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আরও সতর্ক ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।
মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা আরও বলেন, পুরো বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’—এই ধারণাকে সামনে রেখে সবাইকে এগিয়ে যেতে হবে। জনগণকে যারা সেবা দিচ্ছেন, তাঁদের সেবার মান নিশ্চিত করাই অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তফসিল অফিস, রেজিস্ট্রি অফিসসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে কি না, সেটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। জনগণের হয়রানি কমিয়ে দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
দেশে সরকারের দীর্ঘমেয়াদি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, এসব উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। দেশের সবাই সমন্বিতভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।
কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণসহ বিভিন্ন সরকারি কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার মাদারীপুর জেলা পরিষদ, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব পরিদর্শনে সরকারি সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও জনগণকে সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তিনি।
বিভাগীয় কমিশনারের এ সফরকে ঘিরে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব পালনে আরও জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।