
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় ভারতীয় ভিসার আবেদনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট ও দালাল চক্র। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) নির্ধারিত অফিশিয়াল প্রক্রিয়াকরণ ফি-র চেয়ে কয়েক গুণ বেশি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে সাধারণ আবেদনকারীদের কাছ থেকে। টুরিস্ট (ভ্রমণ) ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য যেখানে ৭ হাজার টাকা দাবি করা হচ্ছে, সেখানে রোগীদের জন্য অত্যন্ত জরুরি মেডিকেল ভিসার প্রসেসিংয়ের নামে চাওয়া হচ্ছে ১২ হাজার টাকা পর্যন্ত!
আইভ্যাকের কোনো অনুমোদন নেই এসব প্রতিষ্ঠানের, অনুসন্ধানে জানা গেছে, কূটনৈতিক চুক্তি অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য মূল ভিসাটি সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রি দেয় ভারত সরকার। তবে বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পরিচালনার দায়িত্বে রয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া’ (এসবিআই)। এই কেন্দ্রের অবকাঠামো রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, প্রযুক্তিগত সহায়তা এবং আবেদনপত্র প্রসেসিংয়ের খরচ (সারভিস চার্জ) হিসেবে আবেদনকারীদের অফিশিয়াল প্রক্রিয়াকরণ ফি বাবদ মাত্র ১,৫০০ টাকা প্রদান করতে হয়। ভারতীয় হাই কমিশন বা আইভ্যাক কোনো দোকান বা এজেন্সিকে ফরম পূরণ বা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য কোনো ধরনের অনুমোদন দেয়নি। তাদের একমাত্র অফিশিয়াল পার্টনার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
খুলনা শহর জুড়ে অবৈধ প্রতিষ্ঠানের ছড়াছড়ি ও জিম্মি দশা, অভিযোগ রয়েছে, খুলনা শহরের সোনাডাঙ্গায় অবস্থিত ইন্ডিয়ান ভিসা সেন্টারের (আইভ্যাক) চতুর্পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান। শুধু ভিসা সেন্টারের আশেপাশে-ই নয়, বরং খুলনা শহরের বিভিন্ন অঞ্চলে ও অলিতে-গলিতে ছোট ছোট দোকান ভাড়া নিয়ে বসেছে একশ্রেণীর দালাল। এই দালাল চক্র বিশেষ সফটওয়্যার বা প্রযুক্তির অপব্যবহার করে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো আগে থেকেই বুক করে জিম্মি করে রাখত। ফলে সাধারণ মানুষ ওয়েবসাইটে ঢুকলেই স্লট ‘নট অ্যাভেইলেবল’ দেখতে পেতেন। পরবর্তীতে এই অবৈধ দোকান ও প্রসেসিং সেন্টারগুলো থেকেই সেই স্লট চড়া দামে বিক্রি করা হতো।
প্রতারণার বড় ঝুঁকি ও ‘১০০% ভিসা’-র ভুয়া ফাঁদ
অনুসন্ধানে দেখা গেছে, অনেক দোকানদার “১০০% ভিসা কনফার্ম” বা “তাড়াতাড়ি সিরিয়াল এনে দেওয়া”-র নামে মানুষের কাছ থেকে অতিরিক্ত ৫ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। ভিসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, কোনো এজেন্সি বা দোকানদারেরই শতভাগ ভিসার নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই, কারণ ভিসা দেওয়া সম্পূর্ণ ভারতীয় হাইকমিশনের এখতিয়ার। অনেক সময় বাড়তি টাকার লোভে এই চক্রগুলো জাল স্লট বা ভুয়া ডকুমেন্টস তৈরি করে দেয়, যার কারণে আবেদনকারীদের ভিসা সরাসরি রিজেক্ট বা বাতিল হয়ে যাওয়ার বড় ঝুঁকি থাকে।
আইনগত ভাবে, কোনো আবেদনকারী যদি নিজে কম্পিউটার বা অনলাইন ফরম পূরণ করতে না পারেন, তবে কোনো দোকান থেকে টাকার বিনিময়ে আবেদন ফরম টাইপ করিয়ে নেওয়াতে কোনো আইনি অপরাধ নেই। তবে মনে রাখতে হবে, এই দোকানদাররা কেবলই টাইপিস্ট। তারা শুধু আবেদনকারীর হয়ে তথ্যগুলো ওয়েবসাইটে বসিয়ে দিচ্ছে, এর চেয়ে বেশি কোনো ক্ষমতা, বিশেষ কোটা বা বৈধতা তাদের নেই।
সিন্ডিকেট ভাঙতে ২০২৬ সালের জুলাইয়ের নতুন ‘অটোমেটিক নিয়ম’
দালালি এবং দোকানের এই স্লট সিন্ডিকেট সম্পূর্ণ ভাবে বন্ধ করতে আইভিএসি চলতি ২০২৬ সালের জুলাই মাস থেকে একটি যুগান্তকারী নতুন নিয়ম চালু করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, এখন ফরম পূরণের পর সিস্টেম থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে (অটোমেটিক) ইন্টারনেটের মাধ্যমে তারিখ ও সময় বরাদ্দ করা হয়। ফলে কোনো দোকানদার বা দালালের পক্ষেই নিজের ইচ্ছামতো আগে বা পরে সিরিয়াল এনে দেওয়া বা স্লট জিম্মি করে রাখা আর সম্ভব নয়।
আইভ্যাকের এই নতুন অটোমেটিক নিয়মের ফলে দালালদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে। তবে খুলনা শহরের বিভিন্ন অঞ্চলে গজিয়ে ওঠা এসব প্রতারক চক্র ও দালালের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন খুলনার সচেতন ভুক্তভোগী মহল।