
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

জাতীয় সংসদে বাজি বা পণ (বেটিং), ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংসহ বিভিন্ন ধরনের জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল-২০২৬ পাস হয়েছে। নতুন আইনে অনলাইন বেটিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি পাস হয়। এর মাধ্যমে ১৮৬৭ সালের দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত করে নতুন আইন কার্যকর করা হচ্ছে।
নতুন আইনকে নীতিগত ভাবে সমর্থন জানালেও এর কিছু ধারার সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, জুয়া প্রতিরোধের অজুহাতে সরকারের সমালোচনাকারী কোনো ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর বিরোধী দলের সদস্যদের আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাব গুলো স্পিকার কণ্ঠভোটে নিষ্পত্তি করেন।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
অনলাইন বা দূরবর্তী জুয়ার অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
কেউ অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এ ছাড়া ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, অনূর্ধ্ব এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
পাস হওয়া বিলে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, জুয়ার স্থান, জুয়ার সামগ্রী সহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধের প্রকৃতিভেদে ১৪ ধরনের শাস্তির (কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড) বিধান রাখা হয়েছে।
বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বিভিন্ন ধারা নিয়ে মতামত দেন। রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বিলের মূল উদ্দেশ্যের সঙ্গে তিনি একমত হলেও ভবিষ্যতে কয়েকটি ধারার অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
তল্লাশি, জব্দ, জুয়ার স্থান সিলগালা, ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, ডোমেইন ও আইপি অ্যাড্রেস ব্লক করার ক্ষমতা নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, আদালতের পূর্বানুমতি ছাড়া এসব ক্ষমতা প্রয়োগের সুযোগ দিলে তা নাগরিক অধিকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনাকারী কোনো ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হতে পারে। তাঁর ভাষ্য, ডিজিটাল নিরাপত্তা আইনও একসময় বিরোধী মত দমনে ব্যবহৃত হয়েছিল।
বিরোধী দলের আপত্তির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে সাইবার স্পেস, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন ওয়েবসাইটে জুয়ার কার্যক্রম পরিচালিত হয়। আদালতের অনুমতি নিতে গেলে অপরাধের আলামত বা সংশ্লিষ্ট তথ্য দ্রুত সরিয়ে ফেলার ঝুঁকি থাকে। বিভিন্ন আইনে পুলিশের তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে এবং এই বিলেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
বিশেষ কমিটির প্রতিবেদনে দেওয়া ভিন্নমতের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, আদালতের অনুমতি ছাড়া পুলিশকে মালামাল জব্দের ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আইনটি যুগোপযোগী হলেও অপব্যবহার রোধে জব্দের পর দ্রুত ম্যাজিস্ট্রেটের অনুমোদন নেওয়ার বিধান যুক্ত করা উচিত।