
মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রিন্ট মিডিয়া দল টেলিভিশন মিডিয়া দলকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে।
রবিবার (২৮ জুন) বিকেলে গোপালগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় প্রিন্ট মিডিয়া দল। সুশৃঙ্খল দলীয় সমন্বয়, গতিময় আক্রমণ এবং নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে একের পর এক গোল করে তারা প্রতিপক্ষকে চাপে ফেলে। অপরদিকে, টেলিভিশন মিডিয়া দল বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করলেও গোলের দেখা পায়নি।
প্রিন্ট মিডিয়া দলের নেতৃত্ব দেন প্রেসক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম। অন্যদিকে টেলিভিশন মিডিয়া দলের নেতৃত্ব দেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদুল ইসলাম। তিনি অত্যন্ত দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেন।
ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাংবাদিকরা বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে এ ধরনের ক্রীড়া আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
খেলা উপভোগ করতে গোপালগঞ্জের বিভিন্ন গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।