​সাবেক উপদেষ্টা বশিরের বিরুদ্ধে ৩ প্রকল্পে ১৪০০ কোটি টাকার অনিয়ম ও অ্যাভিয়েশন কুক্ষিগতর অভিযোগ |

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

​সাবেক উপদেষ্টা বশিরের বিরুদ্ধে ৩ প্রকল্পে ১৪০০ কোটি টাকার অনিয়ম ও অ্যাভিয়েশন কুক্ষিগতর অভিযোগ |

অন্তর্বর্তী সরকারের সাবেক বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় পদ ও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ব্যবসায়িক ফায়দা লোটা এবং দেশের অ্যাভিয়েশন খাতকে কুক্ষিগত করার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নথি ও অনুসন্ধানে দেখা গেছে, দায়িত্ব পালনকালে তিনি প্রায় ১,৪০০ কোটি টাকার তিনটি মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তকে নিজের স্বার্থে প্রভাবিত করেছেন। একই সাথে তাঁর বিরুদ্ধে বাংলাদেশ বিমানের উচ্চপর্যায়ের প্রভাব খাটিয়ে এবং দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অ্যাভিয়েশন উইংকে কোণঠাসা করে নিজের নামে বাণিজ্যিক হেলিকপ্টার ও অ্যাভিয়েশন লাইসেন্স বাগিয়ে নেওয়ার নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে শেখ বশির উদ্দিন দাবি করেছেন, রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত কোনো व्यक्तिगत প্রভাব তাঁর উপরে বিস্তার করতে আজ পর্যন্ত পারে নাই।

​অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ১,৪০০ কোটি টাকার তিন রাষ্ট্রীয় প্রকল্পে বড় ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে। প্রথম ঘটনায় কো-অপারেটিভ জুট মিলের জমি লিজের চলমান টেন্ডার মাঝপথে বদলে দিয়ে বশিরের নিজস্ব প্রতিষ্ঠান ‘জনতা জুট মিলস্’কে শর্ট লিস্টের শীর্ষে আনা হয়। যদিও বশিরের দাবি, বড় ও গোল্ড মেডেলিস্ট প্রতিষ্ঠান হিসেবে উন্মুক্ত টেন্ডারে অংশ নেওয়া কোনো স্বার্থের সংঘাত নয়। দ্বিতীয় ঘটনায় নরসিংদী জুট মিলের ১৯ একর জমি এক প্রভাবশালী গ্রুপকে নামমাত্র মূল্যে লিজ দিতে কর্মকর্তাদের চাপ দেওয়ার অভিযোগ ওঠে, যা বাস্তবায়িত হলে রাষ্ট্র ৪৪ কোটি টাকা রাজস্ব হারাতো। এই বিষয়ে বশিরের সাফাই— বিনিয়োগের স্বার্থেই তিনি কম দামে লিজের লিখিত নির্দেশনা দিয়েছিলেন।

তৃতীয় ঘটনায় ডেমরার করিম জুট মিলে বেজার ১,২৫০ কোটি টাকার মেগা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প, যা প্রায় ২৫,০০০ কর্মসংস্থান সৃষ্টি করতো, তা একক ক্ষমতাবলে আটকে দেন সাবেক এই উপদেষ্টা। সেখানে তিনি অর্থনৈতিক অঞ্চলের বদলে মধ্যবিত্তের জন্য আবাসন বা টাউনশিপ করার পক্ষে যুক্তি দেন।
​পাট ও বস্ত্র খাতের বাইরেও সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে দেশের আকাশসেবা বা অ্যাভিয়েশন খাতকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, তিনি বাংলাদেশ বিমানের শীর্ষ পর্যায়কে প্রভাবিত করার পাশাপাশি বসুন্ধরা গ্রুপের অ্যাভিয়েশন খাতকে একপ্রকার কুক্ষিগত করে ফেলেন। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি নিজের নামে বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনা এবং অ্যাভিয়েশন ব্যবসার নতুন লাইসেন্স হাতিয়ে নেন, যা মূলত তাঁর একক বাণিজ্যিক সাম্রাজ্য বিস্তারের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​সাবেক উপদেষ্টার এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখানে তিনি নিজের প্রতিষ্ঠানের স্বার্থ প্রমোট করার জন্য রাষ্ট্রীয় বা সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে স্বার্থের দ্বন্দ্ব দ্বারা প্রভাবিত হয়ে তিনি সরকারি সিদ্ধান্তের যে লঙ্ঘন করেছেন, তা সংজ্ঞা অনুযায়ী বাস্তবিক একটি বড় দুর্নীতি। তিনি আক্ষেপ করে আরও বলেন, সরকারের ‘রুলস অব বিজনেস’-এ স্বার্থের সংঘাত ঠেকানোর কোনো স্পষ্ট আইনি কাঠামো না থাকায় অন্তর্বর্তী সরকারসহ কোনো সরকারই এই জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি।

তীব্র সমালোচনার মুখে বিদায় নেওয়ার আগে সাবেক বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন কেবল একটি কথাই বলেন, আশা করি আপনারা আমাদেরকে ভুলে যাবেন এবং মাফ করে দিবেন।