
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
“মাদক মুক্ত সমাজ গঠনে সবাই মিলে এগিয়ে আসি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে শহীদ হাদিস পার্ক প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন তখনই সার্থক ও অর্থবহ হবে, যখন এর মূল বার্তা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করা যাবে। মাদক প্রতিরোধে শুধু একটি দিবস পালন যথেষ্ট নয়; বরং সারা বছর সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, কোনো মানুষ জন্মগত ভাবে মাদকাসক্ত হয়ে জন্মগ্রহণ করে না। পারিবারিক অবহেলা, অসচেতনতা, খারাপ সঙ্গ এবং সামাজিক পরিবেশের প্রভাবে অনেকে মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, কার সঙ্গে চলাফেরা করছে এবং তার আচরণ কেমন, এসব বিষয়ে পরিবারের সার্বক্ষণিক নজর রাখা প্রয়োজন। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও সন্তান কী দেখছে ও কী শিখছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা জরুরি। একইভাবে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য দামী মোটরসাইকেল কেনার আগে তাদের চলাফেরা ও বন্ধুদের বিষয়ে সচেতনতা থাকা দরকার।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে মাদক নির্মূলে কার্যকর অগ্রগতি সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খুলনা মিজ্ হুরে জান্নাত।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), খুলনা রেঞ্জ জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা; অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব সিফাত মেহনাজ; সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন; পুলিশ সুপার খুলনা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় খুলনা জনাব হাসানুর রহমানসহ খুলনা বিভাগের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।