খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক।
খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক।

খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রে পুনর্বাসিত বিভিন্ন বন্যপ্রাণী ও হযরত খানজাহান আলী (রহ.) মাজার থেকে সংরক্ষণে আনা ঐতিহ্যবাহী কুমির দর্শন করেন এবং এদের বর্তমান অবস্থান ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত অবগত হন।

এছাড়াও তিনি কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনাক্রমে বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে বিদ্যমান সুযোগ-সুবিধা ও সীমাবদ্ধতাসমূহ সম্পর্কে অবহিত হন এবং কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করেন।

তবে সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র দীর্ঘদিন ধরে নানা অবকাঠামোগত সংকট ও জনবল স্বল্পতায় কার্যক্রম পরিচালনা করছে।

সূত্রমতে, প্রাণী চিকিৎসা কেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে কোনো স্থায়ী বন্যপ্রাণী বিশেষজ্ঞ (ভেটেরিনারি) চিকিৎসক নেই। আধুনিক অপারেশন থিয়েটার, রোগ নির্ণয় সুবিধা এবং উন্নত চিকিৎসা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। ফলে গুরুতর আহত বা জটিল অবস্থায় উদ্ধার হওয়া প্রাণীদের চিকিৎসা কার্যক্রম অনেক সময় চ্যালেঞ্জের মুখে পড়ে।

কর্মী সংকটও কেন্দ্রটির অন্যতম বড় সমস্যা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার উদ্ধারকৃত বন্যপ্রাণীর চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের দায়িত্ব পালন করতে গিয়ে সীমিত জনবলকে ব্যাপক চাপের মধ্যে কাজ করতে হয়।

বিশেষজ্ঞদের মতে, সুন্দরবন বা উপকূলীয় অঞ্চলে কোনো বাঘ, কুমির, হরিণ, বানর কিংবা অন্যান্য বন্যপ্রাণী আহত বা অসুস্থ হলে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা সুবিধার অভাবে অনেক ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক বিশেষজ্ঞ সহায়তার ওপর নির্ভর করতে হয়। এতে জরুরি চিকিৎসা কার্যক্রম বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আবাসন ও পর্যবেক্ষণ ব্যবস্থাপনাও কেন্দ্রটির জন্য একটি বড় চ্যালেঞ্জ। সম্প্রতি বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার এলাকা থেকে আনা ঐতিহ্যবাহী কুমির এবং রাজবাড়ী সহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বন্য প্রাণীদের নিবিড় পর্যবেক্ষণ, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিশেষ পরিবেশ নিশ্চিত করতে গিয়ে কেন্দ্র কর্তৃপক্ষকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। প্রতিটি প্রাণীর জন্য পৃথক আবাসন, খাদ্য ব্যবস্থাপনা ও আচরণগত পর্যবেক্ষণের প্রয়োজন হলেও বিদ্যমান অবকাঠামো সেই তুলনায় যথেষ্ট নয় বলে সংশ্লিষ্টরা মনে করেন।

অন্যদিকে কেন্দ্রটির আধুনিকায়ন এবং বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বন বিভাগের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। উদ্ধারকৃত প্রাণীদের সুস্থ করে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধে অভিযান জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয় গুলো গুরুত্ব পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, খুলনার এই কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক বন্যপ্রাণী হাসপাতালে উন্নীত করা এখন সময়ের দাবি। এজন্য জরুরি ভিত্তিতে স্থায়ী বন্যপ্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন, এক্স-রে ও পরীক্ষাগার সুবিধা চালু, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং বিশেষায়িত উদ্ধার যানবাহনের ব্যবস্থা করা প্রয়োজন।

একই সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গঠন, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেছেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা ও দক্ষ জনবল নিশ্চিত করা গেলে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চল নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসা কেন্দ্রে পরিণত হতে সক্ষম হবে।