খুলনার ২২ খাল ও ময়ূর নদ দখলের নেপথ্যে আবাসন সিন্ডিকেট: জলাবদ্ধতার বড় কারণ অবৈধ ভরাট।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার ২২ খাল ও ময়ূর নদ দখলের নেপথ্যে আবাসন সিন্ডিকেট: জলাবদ্ধতার বড় কারণ অবৈধ ভরাট।

খুলনা মহানগরীর জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয় এবং প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার সংকটের পেছনে দীর্ঘদিন ধরে খাল ও জলাশয় দখলের অভিযোগ রয়েছে। সরকারি বিভিন্ন জরিপ, প্রশাসনিক নথি এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, নগরীর চিহ্নিত ২২টি প্রধান খাল ও ময়ূর নদীর সঙ্গে সংযুক্ত জলপ্রবাহের বড় অংশ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং আবাসন প্রকল্পের দখলে চলে গেছে।
জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং পরিবেশবাদী সংগঠন গুলোর তথ্য অনুযায়ী, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় ১০৮টিরও বেশি অনুমোদনহীন আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এসব প্রকল্পের অনেক গুলোর বিরুদ্ধে খাল, জলাশয় ও নিচু কৃষি ভূমি ভরাটের অভিযোগ রয়েছে।

প্রশাসনের একাধিক জরিপে ২২টি খাল ও ময়ূর নদীর বিভিন্ন অংশে শত শত অবৈধ স্থাপনা শনাক্ত করা হয়েছে। একটি জরিপে ৪৬০ জন দখলদারের ৩৮২টি অবৈধ স্থাপনার তথ্য উঠে আসে। এছাড়া পূর্বের এক প্রতিবেদনে ৮১ জন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে খাল দখলের বিষয়ও উল্লেখ করা হয়।

অনুসন্ধানে জানা যায়, ডুমুরিয়া উপজেলার বিলপাবলা মৌজায় তানিসা প্রোপার্টিজ নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে প্রায় ২.৮৩ একর সরকারি খাস জমি ও খাল দখলের অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটির আওতায় সরকারি রেকর্ডভুক্ত খাল ও খাস জমি ভরাট করে আবাসন কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে।

একই ভাবে খুলনা মহানগর ও শহরতলির বিভিন্ন এলাকায় বিসমিল্লাহ প্রোপার্টিজ, বিশ্বাস প্রোপার্টিজ, উজান নিবেশ, আরাফাত হাউজিং, শিকদার রেসিডেন্সিয়াল প্রজেক্ট, গোল্ডেন সিটি সহ কয়েকটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে জলাশয়, খাল ও নিচু কৃষি ভূমি ভরাট করে প্লট উন্নয়নের অভিযোগ বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের বয়রা অঞ্চলে তিন ভাইয়ের মালিকানাধীন তিনটি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কৃষি জমি, খাল, জলাশয় এবং প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ ভরাট ও সংকুচিত করার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা, পরিবেশবাদী সংগঠন এবং সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব আবাসন প্রকল্পের সম্প্রসারণের ফলে কয়েকটি খাল ও জলপ্রবাহের স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বক্তব্য পাওয়া যায়নি।

পরিবেশবিদদের মতে, খালের ওপর রাস্তা, কালভার্ট, সীমানা প্রাচীর এবং প্লট উন্নয়নের নামে মাটি ভরাটের কারণে নগরীর স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উচ্ছেদ অভিযানের মাধ্যমে বহু অবৈধ স্থাপনা অপসারণ করা হলেও দখল মুক্ত খাল ও জলাশয় পুনরায় দখলের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘমেয়াদি তদারকি এবং কঠোর আইনি ব্যবস্থা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনার পরিবেশবাদী সংগঠন গুলোর দাবি, নগরীর ২২টি খাল ও ময়ূর নদ সম্পূর্ণ পুনরুদ্ধার না করা গেলে জলাবদ্ধতা নিরসনের জন্য গ্রহণ করা শত শত কোটি টাকার প্রকল্পও কাঙ্ক্ষিত সুফল দেবে না। তারা খাল দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা, খাল পুনঃখনন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠান ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

চলবে…
(ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন: প্রথম পর্ব)