
মো.আল মাসুম থান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কথিত ‘বি কোম্পানি’র ৫ জন চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কেএমপি সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশনায় গত ১ জুন থেকে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সমন্বিত বিশেষ অভিযান শুরু হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন তথ্য সংগ্রহ, গোয়েন্দা নজরদারি এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্তে কাজ করে আসছিল।
এরই অংশ হিসেবে ডিবির একাধিক দল গত রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো. আবরার ফয়সাল (রাফিন) (২৪), মো. আল-আমিন (২৯), মো. তুষার শিকদার (৩৮), মো. আসিফ (২৫) এবং মো. সাজ্জাদ হোসেন সাব্বিরকে (১৮) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি রিভলভার এবং ৭.৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা খুলনার চিহ্নিত কথিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি এবং অন্যান্য গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে দাবি করেছে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জিজ্ঞাসাবাদে খুলনা মহানগরীতে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করা হচ্ছে।
কেএমপি জানিয়েছে, খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
খুলনা মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।