ঋণের বোঝা, মানসিক চাপ নাকি অন্য কিছু, টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের আত্মহত্যা ঘিরে নানা প্রশ্ন।

এ জেড আমিনুজ্জামান রিপন :

ঋণের বোঝা, মানসিক চাপ নাকি অন্য কিছু, টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের আত্মহত্যা ঘিরে নানা প্রশ্ন।
প্রধান শিক্ষক বিদ্যুত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একজন প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা অঙ্গনসহ পুরো এলাকাজুড়ে।

ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বিদ্যুৎ কান্তি রায় (৫৮) নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এই মৃত্যুর পেছনে কেবল ঋণের চাপই দায়ী, নাকি আরও কোনো সামাজিক, আর্থিক বা পারিবারিক কারণ রয়েছে—তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

রোববার (২১ জুন) ভোরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামে নিজ বাড়ির পাশে বাবা-মায়ের কবর সংলগ্ন একটি কামরাঙা গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিদ্যুৎ কান্তি রায় উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ কান্তি রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণগ্রস্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে ঋণ পরিশোধ নিয়ে তিনি চরম মানসিক চাপে ছিলেন বলে দাবি করেছেন স্বজনরা।

তবে অনুসন্ধানে উঠে এসেছে, বর্তমানে অনেক সরকারি চাকরিজীবী সহজ ঋণ সুবিধা, সমবায় ঋণ, এনজিও ঋণ ও ব্যক্তিগত ধার-দেনার ফাঁদে জড়িয়ে পড়ছেন। নিয়মিত বেতন থাকা সত্ত্বেও অতিরিক্ত আর্থিক দায়, সামাজিক মর্যাদা রক্ষার চাপ এবং পারিবারিক ব্যয় অনেককে মানসিক সংকটে ঠেলে দিচ্ছে।

শিক্ষক সমাজের একাধিক সদস্য জানান, কর্মক্ষেত্রের চাপ, আর্থিক অনিশ্চয়তা এবং সামাজিক প্রত্যাশা অনেক শিক্ষককে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা কাউন্সেলিং বা মানসিক স্বাস্থ্য সহায়তা গ্রহণ করেন না।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, একজন শিক্ষকের এমন মর্মান্তিক পরিণতি সমাজের জন্য সতর্কবার্তা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি আর্থিক ও মানসিক সংকটে থাকা সরকারি কর্মচারীদের জন্য কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন।