
কাজি মাহামুদ, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন (পিতা : আব্দুল খালেক শিকদার) নামে এক অভিযুক্ত অবৈধ আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন থানায় একাধিক সিআর ও জিআর মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া বিভিন্ন মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে আটক করা হয়।
একাধিক সূত্রের দাবি, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা গ্রহণ করলেও অনেককে বিদেশে পাঠানো হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি। বিভিন্ন প্রতিশ্রুতি ও কৌশলে প্রতারণার মাধ্যমে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন বলে অভিযোগ রয়েছে।
মুকসুদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার একটি থানা এলাকা থেকে বুধবার (১৭ জুন) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মুকসুদপুর থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আদালত কর্তৃক জারি করা একাধিক গ্রেফতারি পরোয়ানা আমাদের থানায় আসে। এরপর থেকেই তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে থাকা অভিযোগসমূহ এবং তার কার্যক্রমের বিষয়ে আরও তদন্ত চলছে। তবে মানবপাচার ও প্রতারণার অভিযোগগুলো এখনো তদন্তাধীন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।