
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদের ভেতরে প্রবেশ করে দুই মুসল্লিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে সশস্ত্র দুর্বৃত্তরা।
আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানাধীন পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও মুসল্লি আলম শেখ (৫৫)। আহতদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত আলম শেখ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদে অবস্থান করছিলেন, তখন কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি ওজোপাডিকোর ঠিকাদার ও জ্বালানি তেল ব্যবসায়ী লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম শেখ ও গুলিবিদ্ধ হন। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় তারা দুজনই মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় মসজিদে থাকা অন্যান্য মুসল্লিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সুযোগে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অন্যদিকে, আলম মণ্ডলের মাথা, গলা ও ডান হাতে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহিদুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। আক্রান্ত লোকমান হাকিম পেশায় একজন ব্যবসায়ী। পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এই জঘন্য হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মসজিদের মতো পবিত্র স্থানে নামাজ ও কোরআন তিলাওয়াত করা অবস্থায় এমন কাপুরুষোচিত ও সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং নগরবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।