থানা পর্যায়ে বিজ্ঞান, উদ্ভাবন ও উদ্যোগ প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন।

মো: আল মাসুম খান।চীফ ক্রাইম রিপোর্টার :

থানা পর্যায়ে বিজ্ঞান, উদ্ভাবন ও উদ্যোগ প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন।
খুলনায় বিজ্ঞান, উদ্ভাবন ও উদ্যোগ ভিত্তিক ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা সহায়তা কর্মসূচি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে, থানা মাধ্যমিক শিক্ষা অফিস, খানজাহান আলী, খুলনার বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমাদের প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। তিনি আরো বলেন প্রতিটি বিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক ল্যাবরেটরি এবং গবেষণাগার তৈরি করতে হবে।

বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী কর্মকাণ্ড এবং দেশীয় প্রযুক্তি বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

তিনি দেশপ্রেমের অংশ হিসেবে দেশীয় পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ও উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ) ড. এস. এম. সাজ্জাদ হোসেন, উপপরিচালক (মাধ্যমিক) মো. কামরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।