
চীফ ক্রাইম রিপোর্টার :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের সাবেক প্রধান ডিজিএম রাশেদ মেহের চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও বেআইনি কর্মকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একাধিক বিভাগীয় মামলা চলমান থাকা সত্ত্বেও তাকে শাস্তির আওতায় না এনে আবারও পূর্বের দায়িত্বে ফিরিয়ে ‘প্রাইজ পোস্টিং’ দেওয়ার অভিযোগ উঠেছে।
রাশেদ মেহের চৌধুরীর বিরুদ্ধে থাকা
অভিযোগ গুলোর মধ্যে রয়েছে শ্রম আইন লঙ্ঘন করে ওভারটাইমের পরিবর্তে ‘কলড অন’ প্রথা চালুর পক্ষে আইনগত মতামত প্রদান, বিমানের একাধিক মামলায় একক ভাবে ব্যারিস্টার তাপসের পছন্দের আইনজীবী নিয়োগে ভূমিকা রেখে আর্থিক সুবিধা নেওয়া, এয়ারবাস চুক্তি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, মামলার কাজে গাফিলতি, আইন বিভাগে নথি দীর্ঘদিন আটকে রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা এবং বিভিন্ন বিতর্কিত গোষ্ঠীর স্বার্থরক্ষায় কাজ করার অভিযোগ।
অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা দুটি বিভাগীয় মামলার তদন্ত এখনো চলমান। একটি মামলায় বলা হয়েছে, কোনো মতামত না দিয়ে শ্রমিকদের ৯টি গুরুত্বপূর্ণ নথি ২ থেকে ৪ বছর পর্যন্ত আটকে রাখা হয়েছে। অন্য মামলায় অভিযোগ রয়েছে, ফাইল আটকে রেখে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এক কর্মকর্তাকে বিভাগীয় ব্যবস্থা থেকে রক্ষা করা হয়েছে।
সূত্র জানায়, বিমানের সাবেক ফ্লাইট সার্ভিস বিভাগের এক ব্যবস্থাপকের বিরুদ্ধে কেবিন ক্রুকে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আইনগত মতামতের জন্য ফাইলটি রাশেদ মেহের চৌধুরীর কাছে পাঠানো হলেও তিনি দীর্ঘ প্রায় তিন বছর সেটি আটকে রাখেন। এই সময়ে অভিযুক্ত কর্মকর্তা অবসরে চলে যান এবং সব পাওনা বুঝে নেন।
বিমানের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা অভিযোগ করেছেন, একটি প্রভাবশালী সিন্ডিকেটকে সুবিধা দিতে তিনি কোম্পানির স্বার্থবিরোধী আইনগত মতামত দিয়েছেন। তাদের দাবি অনুযায়ী, একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে পিএসএস সিস্টেম ক্রয়ের মাধ্যমে হাজার কোটি টাকার ক্ষতি হলেও ওই চুক্তিতে ইতিবাচক লিগ্যাল ভেটিং দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিষয়টি নিয়ে চলতি বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছে।
বিগত সময়ে বিমানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত পাঁচ কর্মকর্তার একটি সিন্ডিকেট, যা ‘পঞ্চরত্ন’ নামে পরিচিত, তার মধ্যেও এই কর্মকর্তার নাম রয়েছে বলে দাবি করা হয়।
অভিযোগের মধ্যে থাকা অবস্থায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছাপাখানা বিভাগে সংযুক্ত (ওএসডি) ছিলেন। তবে পরে তাকে আবারও লিগ্যাল ডিপার্টমেন্টের ডিজিএম হিসেবে দায়িত্বে ফিরিয়ে আনা হয়, যা নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে।
বিমানের একাধিক সূত্রের দাবি, দুটি বিভাগীয় মামলার ফলাফল আসার আগেই শাস্তি মূলক ব্যবস্থা না নিয়ে তাকে পুনরায় পূর্বের পদে ‘প্রাইজ পোস্টিং’ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আইন কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে তিনি দীর্ঘ সময় একই বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর কর্মচারীদের আন্দোলনের সময় তিনি বলাকা প্রধান ভবন থেকে সরে যান বলেও জানা যায়।