
মো. আল মাসুম খান।চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে বিএনপি নেতা শাহীনুর শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রুপসা উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহীনুর শেখ রুপসা উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিএনপি নেতা শাহীনুর শেখ একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটর সাইকেল যোগে আসা হেলমেট পরিহিত দুই যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। একটি গুলি তার পায়ে বিদ্ধ হয় এবং অপর গুলিটি মাথার চামড়া ভেদ করে বের হয়ে যায়। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজ্জাক মীর গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান শুরু হয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামিদের গ্রেপ্তারে গভীর রাত পর্যন্ত পুলিশ কাজ করেছে। হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা গেলে হামলার কারণ জানা সম্ভব হবে।