মাটির নিচে শতাব্দীর জ্বালানি, বিদ্যুৎকেন্দ্রে জ্বলছে আমদানি করা কয়লা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মাটির নিচে শতাব্দীর জ্বালানি, বিদ্যুৎকেন্দ্রে জ্বলছে আমদানি করা কয়লা।

দেশেই রয়েছে বিলিয়ন টন মজুদ, তবু বছরে বিদেশে যাচ্ছে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, দেশের মাটির নিচে লুকিয়ে আছে শত শত বছরের জ্বালানি সম্ভাবনা। বিভিন্ন সময়ে আবিষ্কৃত পাঁচটি কয়লা ক্ষেত্রে রয়েছে প্রায় ৭ দশমিক ১ বিলিয়ন টন কয়লার সম্ভাব্য মজুদ। বিশেষজ্ঞদের হিসাবে, এর একটি অংশ উত্তোলন করা গেলেও কয়েক শতাব্দী দেশের বিদ্যুৎ খাতের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বাস্তবে দেশের অধিকাংশ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলছে বিদেশ থেকে আমদানি করা কয়লায়। এ জন্য প্রতি বছর ব্যয় হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় কয়লা উত্তোলন নিয়ে দীর্ঘদিনের নীতিগত অচলাবস্থা, পরিবেশগত বিতর্ক এবং জাতীয় কয়লা নীতি চূড়ান্ত না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে একদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে, অন্যদিকে জ্বালানি নিরাপত্তাও ক্রমশ আমদানি নির্ভর হয়ে পড়ছে।

বাংলাদেশে বর্তমানে আবিষ্কৃত প্রধান কয়লা ক্ষেত্র পাঁচটি। এগুলো হলো দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দীঘিপাড়া, রংপুরের খালাশপীর এবং জয়পুরহাটের জামালগঞ্জ। এর মধ্যে সবচেয়ে বড় মজুদ রয়েছে জামালগঞ্জে। বিভিন্ন গবেষণা ও সরকারি নথি অনুযায়ী, এই পাঁচ খনিতে মোট সম্ভাব্য মজুদ প্রায় ৭ দশমিক ১ বিলিয়ন টন।
বর্তমানে দেশে চালু থাকা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বার্ষিক কয়লার চাহিদা প্রায় ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ টন। সেই হিসাবে পুরো মজুদ ব্যবহার করা সম্ভব হলে কয়েক শ বছর দেশের চাহিদা মেটানো যেত। এমনকি প্রযুক্তিগত ও পরিবেশগত সীমাবদ্ধতার কারণে অর্ধেক কয়লাও উত্তোলন করা গেলে তা দিয়ে প্রায় ২৩০ থেকে ৩০০ বছর বিদ্যুৎ উৎপাদন চালিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দেশের একমাত্র উৎপাদনশীল কয়লা খনি বড়পুকুরিয়া। সেখান থেকে বছরে গড়ে ৭ থেকে ১০ লাখ টন কয়লা উত্তোলন করা হয়। জাতীয় চাহিদার তুলনায় যা খুবই সামান্য।
ফলে পায়রা, রামপাল ও মাতারবাড়ীসহ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি আমদানিকৃত কয়লার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ এখন বছরে প্রায় ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ টন কয়লা আমদানি করে।

আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এর পেছনে ব্যয় হয় ২ থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।

দেশীয় কয়লা উত্তোলন থমকে থাকার অন্যতম কারণ উত্তোলন পদ্ধতি নিয়ে দীর্ঘ বিতর্ক। ওপেন-পিট পদ্ধতিতে বেশি কয়লা উত্তোলন সম্ভব হলেও এতে কৃষি জমি, বসতভিটা ও পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভূগর্ভস্থ পদ্ধতি তুলনামূলক নিরাপদ হলেও ব্যয়বহুল এবং উৎপাদন কম।
বিশেষ করে ফুলবাড়ী কয়লা খনি প্রকল্পকে কেন্দ্র করে ২০০৬ সালের আন্দোলনের পর সরকার এ বিষয়ে সতর্ক অবস্থান নেয়। এরপর থেকে প্রকল্পটি কার্যত স্থবির হয়ে আছে। একই সঙ্গে অন্যান্য সম্ভাবনাময় খনিগুলোর ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে জাতীয় কয়লানীতি চূড়ান্ত না হওয়া। প্রায় দেড় যুগ আগে খসড়া নীতি তৈরি হলেও তা এখনো অনুমোদনের মুখ দেখেনি। ফলে দেশীয় কয়লা উত্তোলন, বিদেশি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সবই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সরকার একদিকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, অন্যদিকে সেই কেন্দ্রগুলোর জন্য দেশীয় জ্বালানির উৎস গড়ে তুলতে পারেনি। ফলে দেশের বিদ্যুৎ খাত আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা এবং ডলারের প্রাপ্যতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় বিশ্ব বাজারে কয়লার মূল্যবৃদ্ধি ও ডলার সংকটের কারণে এর প্রভাবও স্পষ্ট ভাবে দেখা গেছে। সে সময় কয়লা আমদানিতে সমস্যা দেখা দেওয়ায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়েছিল।
বিশেষজ্ঞদের একাংশের মতে, নবায়নযোগ্য জ্বালানির প্রসার অবশ্যই জরুরি। তবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আগামী কয়েক দশক কয়লা পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়। তাই পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে দেশীয় কয়লা সম্পদের ব্যবহার বাড়ানো হবে কি না, সে বিষয়ে দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তাদের মতে, দেশের মাটির নিচে শত শত বছরের জ্বালানি মজুদ রেখে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার কয়লা আমদানি অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা উভয়ের জন্যই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।