ভল্ট লুটের মামলায় ১৬ বছর পর নির্দোষ পরেশ, রায় দেখার আগেই মৃত্যু।

এমডি আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ভল্ট লুটের মামলায় ১৬ বছর পর নির্দোষ পরেশ, রায় দেখার আগেই মৃত্যু।

ফরিদপুরে জনতা ব্যাংকের করপোরেট শাখার ভল্ট থেকে প্রায় ৯৪ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলায় ১৬ বছর পর নির্দোষ প্রমাণিত হয়েছেন ব্যাংকের তৎকালীন নিরাপত্তা প্রহরী পরেশ চন্দ্র দাস। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটার আগেই ২০২৪ সালের ২৬ জানুয়ারি তিনি মারা যান।

ঘটনার পর ২০১০ সালে দায়ের হওয়া মামলায় পরেশকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারিক আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দেন। আপিলে সাজা কমিয়ে দুই বছর করা হলেও ২০২৫ সালের ২৮ জানুয়ারি হাইকোর্ট তাঁর দণ্ড ও দোষী সাব্যস্ত করার রায় বাতিল করে সম্পূর্ণ খালাস দেন।

এদিকে চুরি হওয়া অর্থ উদ্ধারের জন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালে একটি দেওয়ানি মামলা করে। নিম্ন আদালত সেই মামলা খারিজ করে ব্যাংকের বিরুদ্ধে খরচা আরোপ করেন। পরে ব্যাংকের করা আপিলও খারিজ করে হাইকোর্ট।

রায়ে হাইকোর্ট বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর তদন্তে ব্যর্থ হয়েছে। ভল্টের চাবির দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা তদন্ত না করে শুধু নিরাপত্তা প্রহরী পরেশকে জড়ানো হয়েছে, যা প্রকৃত অপরাধীদের আড়াল করার আশঙ্কা তৈরি করে।

হাইকোর্ট আরও মন্তব্য করেন, অন্যদের সম্ভাব্য সম্পৃক্ততা উপেক্ষা করে শুধু পরেশকে দায়ী করার চেষ্টা আদালতের কার্যপ্রণালির অপব্যবহারের শামিল।

এজন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষকে পরেশের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং পূর্বের ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরেশের ছেলে প্রণব কুমার দাস বলেন, ১৬ বছরের আইনি লড়াইয়ে তাঁদের পরিবারকে চরম ভোগান্তি, সামাজিক অপমান ও মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে। শেষ পর্যন্ত তাঁর বাবা নির্দোষ প্রমাণিত হলেও সেই রায় দেখে যেতে পারেননি। প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।

পরিবারের প্রত্যাশা, নির্দোষ প্রমাণিত হওয়ার পর পরেশ চন্দ্র দাসের চাকরি-পরবর্তী সব প্রাপ্য সুবিধা জনতা ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত নিশ্চিত করবে।