
সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিবেদক :

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তন ব্যবস্থার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবহন চালকরা। শনিবার (৩০ মে) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক ও চালক অংশগ্রহণ করেন।
গোপালগঞ্জ একতা মোটর শ্রমিক ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তনের বর্তমান ব্যবস্থা চালকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তাদের দাবি, অনেক ক্ষেত্রে যথাযথ তদন্ত ও বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশঙ্কা রয়েছে, যা তাদের পেশাগত জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি। তবে শুধুমাত্র পয়েন্ট কর্তনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা বা শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব নয়। এর পরিবর্তে চালকদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালগঞ্জ একতা মোটর শ্রমিক ঐক্যের কোষাধ্যক্ষ মো. ইব্রাহীম শেখ, সাধারণ সম্পাদক মো. রমজান শেখ, কার্যকরী সদস্য মো. হৃদয় শেখ এবং ক্রীড়া সম্পাদক মো. রইছ শেখ।
বক্তারা আরও বলেন, পরিবহন খাতের শ্রমিক ও চালকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি চালকদের বিভিন্ন দাবি-দাওয়া যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলেও তারা জানান।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া চালকরা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চালকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।