
কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিবেদক :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ পৌর ঈদগাহ ময়দানে এ প্রধান জামাতের আয়োজন করে গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
ঈদের প্রধান জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শুরুর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
খুৎবা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাও করা হয়।
জামাতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মুসল্লিগণ।

পবিত্র ঈদুল আযহার নামাজ ও দোয়া পরিচালনা করেন কোট জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ হাফিজুর রহমান।
ঈদের জামাতকে কেন্দ্র করে পৌর ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।