আস্থার সংকটে ব্যাংকিং খাত: লুটপাট, রাজনৈতিক প্রভাব ও নীরব ধ্বংসের ভিতরে দেশের অর্থনীতি।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আস্থার সংকটে ব্যাংকিং খাত: লুটপাট, রাজনৈতিক প্রভাব ও নীরব ধ্বংসের ভিতরে দেশের অর্থনীতি।

দেশের ব্যাংকিং খাত এখন শুধু আর্থিক সংকটে নয়, বরং এক গভীর আস্থাহীনতার ভেতর দিয়ে অতিক্রম করছে। সাধারণ আমানতকারীদের কাছে এখন সব চেয়ে বড় প্রশ্ন মুনাফা নয়, বরং ব্যাংকে রাখা কষ্টার্জিত মূলধন আদৌ নিরাপদ কি না।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ভুয়া ঋণ বিতরণ এবং অসাধু ব্যাংক পরিচালনার মাধ্যমে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে পরিকল্পিত ভাবে দুর্বল করে ফেলা হয়েছে বলে এই প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দেশের সরকারি ও বেসরকারি বহু ব্যাংকের ভেতরে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যেখানে ব্যাংকের মালিক পক্ষ, পরিচালনা পর্ষদ, উচ্চপদস্থ কর্মকর্তা, কিছু অসাধু ম্যানেজার এবং প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী পারস্পরিক যোগসাজশে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে নিয়েছে। এই ঋণের বড় অংশই গেছে একই পরিবারের সদস্য, নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠান অথবা ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদারদের হাতে।

 

পরিবারতন্ত্রের কবলে ব্যাংক
এই প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে, দেশের বহু ব্যাংকে পরিচালনা পর্ষদ কার্যত কয়েকটি পরিবার ও গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে।

ব্যাংকের নীতিমালা ও ঝুঁকি ব্যবস্থাপনাকে পাশ কাটিয়ে নিজেদের প্রতিষ্ঠানকে ঋণ অনুমোদনের প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে।

বিশেষ করে এলসি (LC) এবং ক্যাশ ক্রেডিট (Cash Credit) সুবিধার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে।

কাগজে-কলমে ব্যবসা দেখিয়ে কিংবা অতিমূল্যায়িত সম্পদের বিপরীতে ঋণ অনুমোদনের অভিযোগও রয়েছে। পরবর্তীতে এসব ঋণের বড় অংশ খেলাপিতে পরিণত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, কিছু ক্ষেত্রে একই গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের নামে ধারাবাহিক ভাবে ঋণ অনুমোদন করা হয়েছে। অনেক ব্যাংকে ঋণ অনুমোদনের ক্ষেত্রে প্রকৃত যাচাই-বাছাই প্রক্রিয়া কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
কর্মকর্তাদের যোগসাজশে ঋণ বাণিজ্য
ব্যাংকিং খাত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, একশ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারী টাকার বিনিময়ে ঝুঁকিপূর্ণ এবং অযোগ্য গ্রাহকদের ঋণ অনুমোদনে সহযোগিতা করেছেন। শাখা পর্যায়ের কিছু ম্যানেজার থেকে শুরু করে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটি অংশ এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রেখেছেন বলে অনুসন্ধানে তথ্য মিলেছে।

অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়িক সক্ষমতা যাচাই না করেই বড় অঙ্কের ঋণ অনুমোদন করা হয়েছে। আবার কোথাও কোথাও রাজনৈতিক পরিচয় অথবা প্রভাবশালী মহলের সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে প্রকৃত উদ্যোক্তারা বছরের পর বছর ব্যাংকে আমানত, এফডিআর বা সঞ্চয় পত্রে বিনিয়োগ করেও প্রয়োজনীয় ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সাধারণ উদ্যোক্তারা বঞ্চিত
এই প্রতিবেদকের অনুসন্ধানে দেখা গেছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবা দিন দিন কঠিন হয়ে উঠছে। যারা নিয়মিত লেনদেন করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকে অর্থ জমা রাখেন কিংবা সঞ্চয়পত্র ও এফডিআরের মাধ্যমে ব্যাংকের তারল্য শক্তিশালী করেন, তারাই এখন ঋণ পেতে সব চেয়ে বেশি ভোগান্তির শিকার।

এক সময় সরকারি সঞ্চয় পত্র বা এফডিআরের বিপরীতে সহজেই ঋণ নেওয়ার সুযোগ থাকলেও পরবর্তীতে নানা নীতিগত পরিবর্তনের মাধ্যমে সেই সুবিধা সীমিত বা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আমার অনুসন্ধানে উঠে এসেছে, ব্যাংকিং আইন ও নীতিমালার কিছু পরিবর্তন প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে প্রকৃত ব্যবসায়ীরা জামানত, কাগজপত্র ও দীর্ঘ প্রক্রিয়ার চাপে ঋণ সুবিধা থেকে দূরে সরে যাচ্ছেন। ফলে নতুন উদ্যোক্তা তৈরির পরিবেশও সংকুচিত হয়ে পড়ছে।

খেলাপি ঋণের ভয়াবহ বিস্তারে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। বিভিন্ন সময় ঋণ পুনঃতফসিল, বিশেষ সুবিধা এবং নীতিগত শিথিলতার মাধ্যমে প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

ব্যাংক গুলোর আর্থিক বিবরণীতে অনেক ঋণকে নিয়মিত দেখানো হলেও বাস্তবে সেই অর্থ ফেরত আসার সম্ভাবনা খুবই কম। এর ফলে কাগজে ব্যাংক লাভে থাকলেও প্রকৃত পক্ষে অনেক ব্যাংক তারল্য সংকট ও মূলধন ঘাটতিতে ভুগছে।
এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে সাধারণ আমানতকারীদের ওপর। দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের চাহিদামতো নগদ অর্থ তুলতে বিলম্ব, সীমাবদ্ধতা কিংবা অনানুষ্ঠানিক চাপের অভিযোগও বাড়ছে।
আস্থার সংকট এখন সব চেয়ে বড় ঝুঁকি
ব্যাংকিং খাতের মূল ভিত্তি হলো জনআস্থা। কিন্তু দীর্ঘদিনের অনিয়ম, প্রভাবশালী ঋণখেলাপিদের দৌরাত্ম্য এবং জবাবদিহিতার অভাবে সেই আস্থার ভিত নড়বড়ে হয়ে পড়েছে।

এই প্রতিবেদকের বিশ্লেষণে দেখা গেছে, আর্থিক খাতের সংকট এখন শুধু একটি খাতের সমস্যা নয়; এটি দেশের সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বাজার ব্যবস্থার জন্যও বড় হুমকি হয়ে উঠছে। যদি দ্রুত কার্যকর সংস্কার, স্বচ্ছ অডিট, দুর্নীতির বিচার এবং রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করা না যায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

 

ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করতে হলে শুধু নীতি গত ঘোষণা যথেষ্ট নয়। প্রয়োজন দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ।

ব্যাংক পরিচালনা পর্ষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা
রাজনৈতিক প্রভা বমুক্ত স্বাধীন অডিট ব্যবস্থা চালু করা, ভুয়া ও বেনামী ঋণের সম্পূর্ণ তদন্ত করে প্রকৃত উদ্যোক্তাদের জন্য সহজ ও ন্যায্য ঋণ প্রাপ্তি নিশ্চিত করা দুর্বল ব্যাংক গুলোর পুনর্গঠন ও কঠোর তদারকি
দেশের মানুষ এখনও ব্যাংককে শেষ নিরাপদ আশ্রয় হিসেবেই দেখতে চায়। কিন্তু সেই আস্থা ফিরিয়ে আনতে হলে ব্যাংকিং খাতকে লুটপাট ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বের করে এনে জবাবদিহিতার কাঠামোয় ফিরিয়ে আনাই এখন সময়ের সব চেয়ে বড় দাবি।