
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ব্যাংকিং খাতে একের পর এক নীতিগত পরিবর্তন নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ব্যবসায়ীদের জন্য বিশেষ প্যাকেজ, বন্ধ কারখানা চালুতে সহায়তা, প্রণোদনা এবং ঋণ পুনঃতফসিলের মতো সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার বাড়ানো হয়েছে একক গ্রাহকের ঋণসীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনো বড় শিল্প গোষ্ঠী একটি ব্যাংকের মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবে। আগে এই সীমা ছিল ১৫ শতাংশ।
সব চেয়ে আলোচিত বিষয় হলো, ২০২৮ সালের জুন পর্যন্ত বহাল থাকার কথা থাকা পুরোনো সীমা হঠাৎ করেই বাতিল করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, কার স্বার্থে এই সিদ্ধান্ত ? কেন এত দ্রুত নীতি পরিবর্তন? আর এর মাধ্যমে কি দেশের ব্যাংকিং খাত আরও বড় ঝুঁকির মুখে পড়ছে ?
ব্যাংকিং খাত সংশ্লিষ্ট একাধিক অর্থনীতিবিদ ও বিশ্লেষক বলছেন, এই সিদ্ধান্ত কেবল একটি নীতিগত পরিবর্তন নয়; বরং এটি দেশের আর্থিক খাতের ক্ষমতার ভারসাম্যকে বড় শিল্প গোষ্ঠীর দিকে আরও ঝুঁকিয়ে দিয়েছে। তাদের মতে, নতুন গভর্নরের সময়ে নেওয়া ধারাবাহিক সিদ্ধান্ত গুলোতে একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী সুবিধা পাচ্ছে বলেই মনে হচ্ছে।
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, একটি ব্যাংকের মূলধনের এক-চতুর্থাংশ যদি মাত্র একজন গ্রাহক বা একটি গোষ্ঠীর হাতে চলে যায়, তাহলে সেই ব্যাংকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কারণ ওই গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে পুরো ব্যাংকই সংকটে পড়তে পারে। এতে শুধু ব্যাংকের তারল্য সংকটই তৈরি হবে না, বরং আমানতকারীদের অর্থও ঝুঁকির মুখে পড়বে।
ব্যাংকিং বিশ্লেষকদের মতে, বাংলাদেশে খেলাপি ঋণের ইতিহাস নতুন নয়। এর আগেও বড় বড় শিল্প গোষ্ঠীর হাজার হাজার কোটি টাকার ঋণ অনাদায়ী হয়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও নীতিগত সুবিধার কারণে তারা পুনঃতফসিল, সুদ মওকুফ কিংবা নতুন ঋণ সুবিধাও পেয়েছে। ফলে একক গ্রাহকের ঋণসীমা বাড়ানোর সিদ্ধান্তকে অনেকে “ঝুঁকির কেন্দ্রীকরণ” হিসেবেও দেখছেন।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো ব্যাংক একক গ্রাহকের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে সেটি আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে বাংলাদেশের মতো দুর্বল সুশাসন ও রাজনৈতিক প্রভাব নির্ভর ব্যাংকিং ব্যবস্থায় এই ধরনের সিদ্ধান্ত আরও বিপজ্জনক হতে পারে।
এদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ব্যবসায়ী নেতাদের ভাষ্য, দেশের জিডিপি, কর্মসংস্থান ও অভ্যন্তরীণ অর্থনীতির বড় চালিকা শক্তি এসএমই খাত হলেও বাস্তবে তারা ঋণ পেতে সব চেয়ে বেশি ভোগান্তির শিকার হন। জামানত, কাগজপত্র ও নানা শর্তে ছোট উদ্যোক্তাদের ঋণ আটকে থাকলেও বড় শিল্প গোষ্ঠীর জন্য নীতিই বদলে ফেলা হচ্ছে বলে অভিযোগ তাদের।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টদের প্রশ্ন, যখন সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা ঋণ পেতে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন, তখন কেন বড় গ্রাহকদের জন্য ঋণের সীমা বাড়ানো হলো ? এই সিদ্ধান্তের ফলে কি ব্যাংকের অর্থ আরও বেশি কয়েকটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হবে না ?
খাত সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের কয়েকটি বড় শিল্প গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ঋণ সীমা বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল। কারণ বিদ্যমান সীমার কারণে তারা নতুন বড় প্রকল্পে অর্থায়ন পাচ্ছিল না। নতুন নীতির ফলে এসব গোষ্ঠী এখন সহজেই একক ব্যাংক থেকেই বিপুল অঙ্কের ঋণ নিতে পারবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের পেছনে বড় ব্যবসায়িক গোষ্ঠীর লবিং ও প্রভাব কাজ করেছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। কারণ একই সময়ে ব্যাংক খাতে সুশাসন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আমানতকারীদের নিরাপত্তা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অবশ্য বলছেন, বড় শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্য ও বড় বিনিয়োগ বাস্তবায়নের জন্য অনেক সময় বড় অঙ্কের অর্থায়ন প্রয়োজন হয়। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই ঋন সীমা বাড়ানো হয়েছে।
তবে সমালোচকদের প্রশ্ন, বড় বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে গিয়ে যদি পুরো ব্যাংকিং ব্যবস্থাই ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে শেষ পর্যন্ত এর দায় বহন করবে কে ? কারণ অতীতে দেখা গেছে, বড় ঋন খেলাপিদের কারণে ব্যাংক বাঁচাতে শেষ পর্যন্ত জনগণের টাকাই ব্যবহার করতে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং খাতের মূল সংকট এখন আস্থার। আর সেই সময়ে নীতিগত শিথিলতা যদি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার হাতিয়ার হয়ে ওঠে, তাহলে সাধারণ আমানতকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বৈষম্য আরও বাড়বে।
তাদের মতে, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে হলে নীতিগত সিদ্ধান্তে স্বচ্ছতা, জবাবদিহি এবং ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যথায় স্বল্প মেয়াদি সুবিধা দিতে গিয়ে দীর্ঘ মেয়াদে দেশের ব্যাংকিং খাতকে আরও গভীর সংকটে ঠেলে দেওয়ার আশঙ্কা রয়েছে।