
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলার পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন সমাজসেবক ও বিশিষ্ট ঠিকাদার রহমান সিকদার। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গতকাল বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রহমান সিকদার বলেন, ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা যায়, রহমান সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকার সিকদার বাড়ির একজন সুপরিচিত ব্যক্তি। তিনি সাবেক বোড়াশী ইউনিয়নের সফল চেয়ারম্যান রেজাউল হক সিকদার রিজুর মেঝ ছেলে। এছাড়া তিনি গোপালগঞ্জ জেলার বিশিষ্ট ঠিকাদার, ব্যবসায়ী ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান মরহুম নুরু সিকদারের ভাই এবং সাবেক পৌর মেয়র ও দক্ষিণ গোপালগঞ্জের পরিচিত জনপ্রিয় নেতা মরহুম রাজু সিকদারের ভাতিজা হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পথভ্রষ্ট তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে তার ভূমিকা এলাকায় প্রশংসিত।
প্রার্থীতা ঘোষণার পর রহমান সিকদার বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ওয়ার্ডবাসী আমাকে সুযোগ দিলে তাদের সুখ-দুঃখের সাথি হয়ে উন্নয়ন ও সেবামূলক কাজ করে যেতে চাই।”
এদিকে তার প্রার্থীতা ঘোষণাকে ঘিরে ১৪ নং ওয়ার্ডে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, সামাজিক সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি নির্বাচনি মাঠে ইতিবাচক অবস্থানে থাকবেন।