
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার শান্তিধাম মোড় এলাকায় ঠিকাদারি ব্যবসার আধিপত্য ও খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে শেখ হারুনুর রাশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড়স্থ আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শেখ হারুনুর রাশিদ খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা এবং শেখ আব্দুর রউফের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সমিতির নিয়ন্ত্রণ ও ঠিকাদারি কাজের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে সমিতির কার্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ও দুর্বৃত্তরা কার্যালয়ে হামলা চালায়। এ সময় শেখ হারুনুর রাশিদকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ে গুলি লেগেছে
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মো. রেজাউল আলম অভিযোগ করে বলেন, সমিতির চেয়ার ও নিয়ন্ত্রণ দখলকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের পরও একটি পক্ষ সমিতির নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন ভাবে অস্থিরতা সৃষ্টি করে আসছিল বলে তিনি দাবি করেন
ঘটনার পর শান্তিধাম মোড় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।