​অনলাইন জুয়ায় দিনে আয় ২ কোটি টাকা, বেশির ভাগই পাচার: সিআইডি।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

​অনলাইন জুয়ায় দিনে আয় ২ কোটি টাকা, বেশির ভাগই পাচার: সিআইডি।

​৮৭৯টি এমএফএস হিসাবের তথ্য বিএফআইউতে
​অনলাইনে জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে প্রতিদিন প্রায় দুই কোটি টাকা আয় করত একটি চক্র। আয়ের সেই বিশাল অঙ্কের টাকা ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। এমন একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

​রোববার বিকেলে ঢাকার মালীবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশরাফ উদ্দীন আহম্মেদ, সজীব চক্রবর্তী, আশরাফুল ইসলাম, জসীম উদ্দীন, তৈয়ব খান, সৌমিক সাহা, মো. কামরুজ্জামান ও আব্দুর রহমান। গত ৬ মে থেকে শুরু করে ধারাবাহিক অভিযানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদীর পলাশ এবং ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টার (CPC) নিয়মিত নজরদারির সময় এই অনলাইন জুয়ার সাইট গুলোর সন্ধান পায়। এরপর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে এই চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল সংখ্যক ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

​
সিআইডি জানায়, জুয়ার সাইটগুলোতে অংশ নেওয়া সাধারণ মানুষ মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে লেনদেন করত। চক্রটি গত ছয় মাস ধরে এই কার্যক্রম চালিয়ে আসছিল।

প্রতিদিনের সংগৃহীত অর্থ পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করেছে সিআইডি। সেগুলো বাংলাদেশে পুরোপুরি বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তালিকা পাঠানো হয়েছে।
​এ ছাড়া অবৈধ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (MFS) ৮৭৯টি সন্দেহভাজন হিসাবের তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানো হয়েছে। তবে এই চক্রের কার্যক্রমের সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সিআইডি।

​সিআইডি প্রধান গণমাধ্যমকে বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধার করতে সিআইডি ও বিএফআইইউ যৌথ ভাবে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট ক্রিপ্টো ওয়ালেট গুলো শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।