গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং : শিক্ষার্থীদের স্বস্তি।

আফিফ আবরার, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং : শিক্ষার্থীদের স্বস্তি।
গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং : শিক্ষার্থীদের স্বস্তি।

গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কলেজের মূল ফটকের সামনে জেব্রা ক্রসিং নির্মাণ করা হয়েছে। এ উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গত ১৪ মে বৃহস্পতিবার কলেজ ছাত্রদলের নেতা মো. হামিমের আন্তরিক প্রচেষ্টায় সড়ক ভবনের তত্ত্বাবধানে জেব্রা ক্রসিং নির্মাণের কাজ সম্পন্ন হয়। নির্মাণকাজ চলাকালে কলেজের মূল ফটকে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় মো. হামিমকে। তাঁর এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।
জানা যায়, প্রতিদিন শত শত শিক্ষার্থী ব্যস্ত সড়ক পার হয়ে কলেজে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে কলেজের সামনে দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার আশঙ্কা ছিল। নিরাপদ পারাপারের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, জেব্রা ক্রসিং না থাকায় প্রতিদিনই আতঙ্কের মধ্যে রাস্তা পার হতে হতো। বিশেষ করে ক্লাস শুরুর ও ছুটির সময় যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। এখন জেব্রা ক্রসিং নির্মাণ হওয়ায় নিরাপদে রাস্তা পারাপার করা সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অভিভাবকরাও এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে আরও আগে এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল।
স্থানীয় সচেতন মহল মনে করছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।