
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার:

সুন্দরবনে বন বিভাগের টহল দলের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনায় অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের ব্যবহৃত একটি দ্রুতগতির ট্রলার, একটি বন্দুক ও গুলি জব্দ করা হয়। তবে অভিযানের সময় বনদস্যুরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির আওতাধীন সিঙারটেক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ। তাঁদের দাবি, বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে জিম্মি করে রেখেছিল।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, নিয়মিত টহলের সময় সিঙারটেক খালের মুখে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় বন বিভাগের দুটি টহল দল। কাছে যেতেই ট্রলার থেকে বনরক্ষীদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে দস্যুরা। পরে শেলারচর টহল ফাঁড়ি টিম ও শরণখোলা স্মার্ট প্যাট্রোলিং টিম যৌথ ভাবে পাল্টা গুলি চালায়।
তিনি আরও জানান, এক পর্যায়ে দস্যুরা ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে বনের ভেতরে পালিয়ে যায়।
গোলাগুলির পরবর্তীতে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়।
এসিএফ শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বনদস্যুরা দুই দফায় গুলি চালায়। প্রথমে টহল বোট লক্ষ্য করে এবং পরে উদ্ধার অভিযান শেষে ফেরার সময় আবারও হামলার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে বন বিভাগের কোনো সদস্য হতাহত হননি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া জেলেদের শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন এলাকায় এখনও সক্রিয় রয়েছে কয়েকটি বনদস্যু বাহিনী।
সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে নিয়মিত জেলে ও বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে। বন বিভাগের সাম্প্রতিক এ অভিযানকে দস্যু দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।