
এম টি রহমান মাহমুদ, ক্রাইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জে বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃএকত্রীকরণ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা প্রশাসন ও গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) এবং প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।
সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রন সরকার। এছাড়াও বক্তব্য দেন গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ গাজী আবিদ রায়হান, গোপালগঞ্জ বিআরটিসির ম্যানেজার মো. জামিল হোসেন, জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এবং পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক মো. তোজাম্মেল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। বিদেশ থেকে ফিরে আসার পর তারা যেন দেশে গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে পারেন, সেজন্য সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ এবং পুনঃএকত্রীকরণ প্রকল্প পরিচালনা করছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তা, মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “প্রত্যাগত অভিবাসীদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। প্রবাসীদের কল্যাণে জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ সেন্টার সবসময় সচেষ্ট রয়েছে।”
সেমিনারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিশেষ করে গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান, সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ, সাংবাদিক শৈলেন মজুমদার ও সাংবাদিক হেলাল আহমেদসহ উল্লেখযোগ্য সংখ্যক বিদেশ ফেরত অভিবাসী কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা প্রবাসীদের ডাটাবেজে নিবন্ধন এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে প্রবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সেমিনারে জানানো হয়, বৈশ্বিক মহামারি করোনার কারণে ২০২০ সালে বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ লাখ কর্মী দেশে ফিরে আসেন। প্রত্যাগত এসব কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রেফারেন্স ও আরপিএল কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানসহ প্রকল্পের বিভিন্ন সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, পিএমইউ ও ওয়েলফেয়ার সেন্টার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিশ্বের ১৭৮টি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মরত রয়েছেন।