
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

পেশাদারিত্ব, সাহসিকতা ও নিরলস অভিযানে উজ্জ্বল কেএমপি
অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ধারাবাহিক সফল অভিযানের স্বীকৃতি হিসেবে আবারও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অর্জন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে “খ” গ্রুপে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে কেএমপি, যা খুলনাবাসীর জন্য গর্ব ও সম্মানের বিষয়।
আজ ১২ মে ২০২৬ খ্রিষ্টাব্দে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বর্ণাঢ্য “আইজি’জ ব্যাজ, শীল্ড প্যারেড, অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার” পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপির) জনাব মো. আলী হোসেন ফকির মহোদয়ের নিকট থেকে কেএমপি’র পক্ষে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
এই অর্জন কেবল একটি পুরস্কার নয়, বরং খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কেএমপি’র নিরলস কর্মতৎপরতারই বাস্তব প্রতিফলন।
দিন-রাত নিরবচ্ছিন্ন অভিযান, গোয়েন্দা তৎপরতা, পেশাদারিত্ব, সাহসিকতা এবং দায়িত্ব বোধের মাধ্যমে কেএমপি’র সদস্যরা যেভাবে কাজ করে যাচ্ছেন, তার ফলেই এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। খুলনা নগরবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কেএমপি’র এই ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
অনুষ্ঠানে মাননীয় আইজিপির মহোদয় কেএমপি’র সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও জনগণের সেবায় আরও নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এই অসাধারণ অর্জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে বলে সচেতন মহল মনে করছেন।