সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদ সহ আটক।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদ সহ আটক।
বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদ সহ আটক।

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনী “মেজ জাহাঙ্গীর বাহিনী”-র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এর ধারাবাহিকতায় চতুর্থ বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধানকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় মেজ জাহাঙ্গীর অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।
আটককৃত মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।